ক্রিকেট দলের শুভ কামনায় পুলিশ-জনতার শোভাযাত্রা

বাংলাদেশ ক্রিকেট দলের শুভ কামনায় রাজধানীর শ্যামলী এলাকায় শোভাযাত্রা করেছে পুলিশ ও স্থানীয় সাধারণ মানুষ। তাঁদের স্লোগান ছিল ‘একত্রে পুলিশ ও জনগণ। নিশ্চিত হবে নিরাপত্তা ও উন্নয়ন’, ‘খেলবে ওরা ১১ জন, সঙ্গে আছি ১৬ কোটি জনগণ। শুনবে বিশ্ব এবার বাঘের গর্জন’।
আজ বুধবার সকালে শেরেবাংলা নগর থানা আয়োজিত শ্যামলী পদচারী সেতুর নিচ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শিশুমেলা-আগারগাঁও-বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাল সংলগ্ন ৬০ ফিট রাস্তার গিয়ে শেষ হয়। সেখানে পুলিশ, ছাত্রসহ নানা পেশার প্রায় চার হাজার মানুষ অংশ নেন। আর এভাবেই টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের আজকের গ্রুপ পর্যায়ের পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জন্য শুভ কামনা ও অভিনন্দন জানায় পুলিশ-জনতা।
শোভাযাত্রায় তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, পুলিশ চায় ক্রিকেটের উজ্জ্বল আভায় আলোকিত হোক পুলিশের সঙ্গে জনতার ভ্রাতৃত্ব।
এতে আরও উপস্থিত ছিলেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার সত্যকি কবিরাজ প্রমুখ।