ক্রিকেট-পাগল ছিল নাঈম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় বোমা বিস্ফোরণে নিহত নাঈম ভালো ক্রিকেট খেলত। সব সময় ব্যাট–বল নিয়ে থাকত। অন্য দলের হয়ে পাশের গ্রামে খেলতে যেত। গত শুক্রবারও ক্রিকেট খেলতে গিয়েছিল। ফিরে এল লাশ হয়ে।

কান্নাজড়িত কণ্ঠে ছেলেকে নিয়ে এসব কথা বলছিলেন বাবা তামবার আলী। বললেন, ‘সন্ত্রাসীদের ফেলে যাওয়া বোমায় সে মারা গেছে। এর সঠিক তদন্ত করে আসামিদের দ্রুত গ্রেপ্তার করা উচিত। তা না হলে হয়তো আবারও আমার মতো কারও বাবার বুক খালি হতে পারে।’
নাঈমের সহপাঠী আরিফা খাতুন বলে, নাঈম পড়াশোনার পাশাপাশি ভালো ক্রিকেট খেলতো। ক্রিকেট পাগল ছিল। সব সময় বল–ব্যাট নিয়ে থাকত।

এক ভাই আর এক বোনের মধ্যে নাঈম ছিল বড়। বিজ্ঞান নিয়ে পড়ত। একমাত্র ছেলেকে হারিয়ে কাঁদতে কাঁদতে পাথর হয়ে গেছেন মা আমেনা খাতুন। মেয়েই এখন সান্ত্বনা।

শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাটে বোমা বিস্ফোরণে নিহত হয় ১৫ বছরের কিশোর নাঈম ইসলাম (১৫)। সে স্থানীয় কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। বিস্ফোরণে গুরুতর আহত হয় আরেক স্কুলছাত্রসহ দুজন। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। তারা ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরার পথে মাদ্রাসাপাড়ায় কালো টেপে মোড়ানো বলসদৃশ একটি বস্তু দেখে। টেপ খোলার সময় বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই নাঈম নিহত হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরীর ভাষ্য, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, হোমিও চিকিৎসকের ওপর হামলাকারীদের ফেলে যাওয়া বোমা বিস্ফোরণে নাঈমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম তদন্তকাজ চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার সকালে সদর উপজেলার শিশির মাঠে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে নিহত হয় হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান। এতে গুরুতর আহত হন তার বন্ধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুজ্জামান। তিনি ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এখনো কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।