‘বাংলাদেশের যা অর্জন আওয়ামী লীগের, ক্রিকেট-ফুটবলের উন্নতিও আওয়ামী লীগের অবদান’ বলে মন্তব্য করেছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি আওয়ামী লীগেরও সাধারণ সম্পাদক।
গতকাল রোববার দুপুরে কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন সৈয়দ আশরাফ। দীর্ঘ এক যুগ পর কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এটি আমাদের জন্য লজ্জার ব্যাপার। তিন বছর পরপর সম্মেলন হলে ১২ বছরে চারজন সভাপতি ও চারজন সাধারণ সম্পাদক তৈরি হতো। দলের মধ্যে নেতৃত্বের সুষ্ঠু প্রতিযোগিতা তৈরি হতো।’
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, তিন বছর পরপর জেলা আওয়ামী লীগের কাউন্সিল হওয়ার কথা। হচ্ছে ১০-১৫ বছর পরপর। এতে নেতৃত্বের ধারাবাহিকতা থাকছে না। সাংগঠনিকভাবে দল দুর্বল হয়ে পড়ছে। এখন থেকে প্রতিটি জেলায় আওয়ামী লীগের সম্মেলন মেয়াদের মধ্যে সম্পন্ন করতে হবে।
গতকাল বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ, কেন্দ্রীয় নেতা প্রশান্ত ভূষণ বড়ুয়া।
সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অভিযোগ করেন, খালেদা জিয়া সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছেন। ৩০ লাখ শহীদের রক্ত নিয়ে কটাক্ষ করছেন।
সমাবেশে বক্তব্য দেন কক্সবাজারের তিন সাংসদ আবদুর রহমান, সাইমুম সরওয়ার, আশেক উল্লাহ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক সিরাজুল মোস্তফা, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা, শহর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম প্রমুখ।