ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে কর্ণফুলীতে নৌ-শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্বকাপ আইস্যে, চাটগাঁবাসী জাইগ্যে (বিশ্বকাপ এসেছে, চট্টগ্রামবাসী জেগেছে)’ স্লোগান নিয়ে কর্ণফুলী নদীতে বর্ণাঢ্য নৌ শোভাযাত্রা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। চট্টগ্রামবাসীকে বিশ্বকাপ ক্রিকেটের বার্তা দিতে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরের সদরঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) জেটি থেকে এ নৌ শোভাযাত্রা বের করা হয়। চট্টলার ঐতিহ্যবাহী সাম্পান, নৌকা, স্পিডবোট ও জাহাজসহ প্রায় ৭০টি নৌযানের বিশাল বহর শোভাযাত্রায় অংশ নেয়। এসব নৌযানের যাত্রীদের মধ্যে ছিলেন বর্ণিল পোশাকের স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে রাজনীতিবিদ-ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। শোভাযাত্রাটি তৃতীয় কর্ণফুলী সেতু, কালুরঘাট সেতু ও পতেঙ্গা ভ্রমণ করে বিকেলে আবারও বিআইডব্লিউটিসির ঘাটে এসে শেষ হয়।শোভাযাত্রা শুরুর আগে আয়োজকেরা বলেন, ‘আসুন, বিশ্বের বুকে চট্টগ্রামের পদচিহ্ন এঁকে দিই। উপভোগ করি বিশ্বকাপ উৎসব।’ এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের নেতৃত্বে বিশাল শোভাযাত্রাটি আন্দরকিল্লার করপোরেশনের কার্যালয় থেকে সদরঘাটে এসে পৌঁছায়। মেয়র মোহাম্মদ মন্জুর আলম নৌ শোভাযাত্রার উদ্বোধন করেন। এ উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আওয়ামী লীগের নেতা ও ক্রীড়া সংগঠক আ জ ম নাছির উদ্দিন, ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ, শোভাযাত্রার আয়োজক কমিটির সভাপতি রেখা আলম চৌধুরী ও বিসিবির কর্মকর্তা আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দিন। রেখা আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, নৌ শোভাযাত্রায় আটটি জাহাজ, ছয়টি স্পিডবোট, কোস্টগার্ডর তিনটি জাহাজ ও ৫০টি সাম্পান অংশ নেয়।সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী সুবীর নন্দী ও ক্লোজআপ ওয়ান তারকা পুতুল। অনুষ্ঠান উপস্থাপন করেন কাজী জেসিন। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে মাইকে চট্টগ্রামের আঞ্চলিক গানও বাজানো হয়।