ক্রিকেট মাঠে একসঙ্গে মিনু ও বুলবুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগর বিএনপির সভাপতির পদ থেকে এবার মিজানুর রহমান মিনুকে বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া নতুন কমিটিতে আরও সমন্বয়হীনতার অভিযোগে রাজশাহীতে বিএনপি রক্ষা কমিটি হয়েছে। তারা কমিটি বাতিলের দাবিতে আন্দোলন করে যাচ্ছে। এরই মধ্যে নতুন কমিটির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাবেক সভাপতি মিজানুর রহমান মিনু গতকাল শুক্রবার একসঙ্গে ক্রিকেট খেলেছেন।
রাজশাহী কলেজে মাঠে সকাল ১০টায় আয়োজিত ‘শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টে’ মোসাদ্দেক হোসেন বোলিং করেন আর মিজানুর রহমান মিনু ব্যাটিং করেন। খেলার মাঠে বিএনপি রক্ষা কমিটির সদস্যসচিব সাইদুর রহমান পিন্টুকেও দেখা গেছে।
এরপর থেকে আলোচনা শুরু হয়েছে। কমিটি নিয়ে রাজশাহীতে বিএনপির দ্বন্দ্ব হয়তো মিটে যাচ্ছে। জানতে চাইলে মিজানুর রহমান মিনু প্রথম আলোকে বলেন, রাজশাহীতে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টটি তিনিই চালু করেছিলেন। তিনিই এই খেলার পুরস্কার দিয়ে থাকেন। এবারও তাই করেছেন। তিনি বলেন, খেলার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তারপরও বিএনপি একটি বড় দল। এখানে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থাকবে। কমিটি গঠনে একটু সমন্বয়হীনতা রয়েছে। সেই জন্যই নেতা-কর্মীদের মধ্যে একটু ক্ষোভ রয়েছে। অনেক জ্যেষ্ঠ নেতাকে কমিটিতে জায়গা দেওয়া হয়নি। তাঁদের অনেক ত্যাগ আছে। ২০-২২টি করে মামলা রয়েছে। তবে এটা ঠিক হয়ে যাবে বলে তিনি আশা করেন।
মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, এই খেলাটা ৩১ বছর ধরে চলছে। প্রতিবছর তাঁরা এই টুর্নামেন্ট খেলেন। এবারও গিয়েছিলেন। তিনি বোলিং করেছেন। তিনি বলেন, বিএনপি রক্ষা কমিটির সদস্যসচিবসহ কয়েকজন নেতাও ছিলেন। খেলার মধ্য দিয়ে বিবাদ মিটে গেল কি না জানতে চাইলে তিনি বলেন, যাঁরা বিএনপি রক্ষা কমিটি করেছেন, তাঁরাও জানেন ম্যাডাম জেনেবুঝেই কমিটি দিয়েছেন। এসব করে কিছু হবে না।
গত ২৭ ডিসেম্বর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। পরের দিন রাতে বিএনপির একাংশের নেতা-কর্মীরা দলের মহানগর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। তারপর রাজশাহী মহানগর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল হুদাকে আহ্বায়ক ও বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমানকে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট বিএনপি রক্ষা কমিটি ঘোষণা করা হয়।