ক্রিকেটপ্রেমী হুমায়ূন আহমেদ স্যার, দেখতে পাচ্ছেন কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিনকার মতো মুঠোফোনের বিরক্তিকর অ্যালার্মের শব্দে ঘুমটা ভাঙল না আজ। ঘুম ভাঙল জানালার কাচ ভেদ করে আসা রবির কিরণছটায় দুই চোখ আলোকিত হওয়ার মাধ্যমে। সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে বসলাম। আড়মোড়া তখনো ভাঙেনি। বিছানা ছেড়েই খবরের কাগজটা হাতে নিলাম। কোয়ারেন্টিনে থাকায় এখন আর দিনক্ষণের খোঁজ তেমন একটা রাখা হয় না। সবার আগে তাই নজর গিয়ে পড়ল প্রথম পাতার ওপর। বার, তারিখ দেখলাম। তারিখটা দেখার সঙ্গে সঙ্গেই মস্তিষ্কের নিউরনগুলো অকস্মাৎ জেগে উঠল। স্মৃতির মণিকোঠায় ভেসে উঠল আজ থেকে ঠিক আট বছর আগের এক স্মৃতি। এটাকে স্মৃতি না বলে দুঃস্মৃতি বলাই জুতসই হবে। বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ হুমায়ূন আহমেদ যে আট বছর আগে এদিনই আমাদের ছেড়ে পাড়ি জমিয়েছিলেন অন্যলোকে!

বাংলার প্রকৃতির এ মৌসুম বড্ড প্রিয় ছিল হুমায়ূন আহমেদের। বৃষ্টিস্নাত দিনগুলো খুব বেশি পছন্দ করতেন তিনি। আষাঢ়-শ্রাবণের বৃষ্টিমুখর দিনগুলো তিনি বেশ উপভোগ করতেন। এ সময়ে টিনের চালে বৃষ্টির শব্দ শোনার জন্য প্রায়ই নুহাশপল্লীতে নিজের তৈরি করা বাংলো ‘বৃষ্টিবিলাস’-এ আশ্রয় নিতেন হুমায়ূন আহমেদ। বৃষ্টিস্নাত দিনের মতো চাঁদনি রাতও উপভোগ করতে চলে যেতেন নুহাশপল্লীর প্রিয় আঙিনায়। জ্যোৎস্নারাতের অপার সৌন্দর্যের প্রতি বেশ দুর্বল ছিলেন তিনি। ‘চান্নি পসর রাইতে যেন আমার মরণ হয়’—নিজের লেখা গানটিই তাঁর জ্যোৎস্নাবিলাসের এক অকাট্য দলিল হয়ে রয়েছে।

হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম, সৃজনশীলতা, পছন্দ-অপছন্দ, বৃষ্টিবিলাস ও জ্যোৎস্নাবিলাসের কথা আমরা সবাই কমবেশি জানি। তবে তাঁর ক্রিকেটবিলাসের কথা হয়তো আমরা অনেকেই জানি না বা সেভাবে প্রচার হয়নি। জগতের বিভিন্ন বিষয়ে অগাধ জ্ঞান থাকলেও ক্রিকেটটা খুব কম বুঝতেন হুমায়ূন আহমেদ। যদিও তিনি ছিলেন আমাদের মতোই পুরোদস্তুর ক্রিকেটপ্রেমী। বাংলাদেশের খেলা তিনি কখনোই মিস করতেন না। খেলার দিন যতই কাজ থাকুক না কেন, সব বাদ দিয়ে খেলা দেখতে সময়মতো টেলিভিশনের সামনে হাজির হয়ে যেতেন তিনি। এমনকি দেশের বাইরে অবস্থান করলেও বাংলাদেশের খেলা কখনোই মিস হতো না তাঁর।

ক্রিকেটকে হুমায়ূন আহমেদ তুলনা করতেন কখনো সম্ভাবনার গল্প, আবার কখনো কবিতার ছন্দের সঙ্গে। ক্রিকেটের প্রতি প্রবল অনুরাগ দেখে একদিন জনৈক সাংবাদিক তাঁর সাক্ষাৎকার নিতে আসেন। তবে ক্রিকেট নিয়ে তিনি যত প্রশ্ন করেন, তার কোনোটিরই উত্তর দিতে পারেননি হুমায়ূন আহমেদ। এভাবে একের পর এক প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করায় সাংবাদিক কিছুটা বিরক্ত হন। একসময় তিনি এ প্রশ্ন ছুড়ে বসেন, ‘আপনি যে ক্রিকেটের কিছুই বোঝেন না, তা কি আমি লিখতে পারি?’ জবাবে হুমায়ূন আহমেদ বলেন, ‘অবশ্যই পারো।’ ক্রিকেটের কিছু না বুঝেও খেলাটার প্রতি হুমায়ূন আহমেদের প্রচুর আগ্রহ সেই সাংবাদিককে রহস্যের গোলকধাঁধায় ফেলে দেয়। অবাক হয়ে তিনি জিজ্ঞাসা করেন, কিছু না বুঝেও ক্রিকেট কেন পছন্দ করেন, একটু ব্যাখ্যা করবেন?

হুমায়ূন আহমেদ বলেন, ‘কারণ, আমি গল্পকার। ক্রিকেটে এক ওভারে ছয়টি বল করা হয়। বল করামাত্র গল্প শুরু হয়। নানান সম্ভাবনার গল্প। ব্যাটসম্যানকে আউট করার সম্ভাবনা, ছক্কা মারার সম্ভাবনা, শূন্য পাওয়ার সম্ভাবনা। ছয়টা বল হলো ছয়টি সম্ভাবনা গল্পের সংকলন’। পরবর্তী সময়ে তিনি আরও যোগ করেন, ‘পৃথিবীতে কবিদের একটা বড় অংশ ক্রিকেট পছন্দ করেন। কারণ, কবিদের কাজ হচ্ছে ছন্দ নিয়ে। ক্রিকেট ছন্দময় খেলা বলেই কবিদের পছন্দের খেলা।’

ক্রিকেটের প্রতি হুমায়ূন আহমেদের প্রবল আকর্ষণের বেশ কিছু ঘটনাও রয়েছে। তেমনই একটি ঘটনা সম্পর্কে জানা যার তাঁর ‘আত্মজৈবনিক রচনাসমগ্র’ থেকে। সেখানে সালটা উল্লেখ করেননি তিনি। সম্ভবত ২০০৮ সালের কথা। তখন চলছিল অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজ। সে সময় একটি টেলিফিল্মের শুটিংয়ে দলবল নিয়ে সুইজারল্যান্ডে অবস্থান করছিলেন হুমায়ূন আহমেদ। বাংলাদেশ এর আগে একবার ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলে বিশ্বাস তাঁর। তাই যে করেই হোক খেলাটা দেখতে হবে। কিন্তু সমস্যা হলো সুইজারল্যান্ডে কেউ ক্রিকেট দেখেন না। তাহলে উপায়? হুমায়ূন আহমেদ তাঁর একজন সহকারীকে ফোন করে বলে, দিলেন যেভাবেই হোক বাংলাদেশের খেলা দেখার ব্যবস্থা করে দিতে।

ওই ব্যক্তি বিশাল বাস ভাড়া করে সবাইকে নিয়ে পৌঁছে যান জুরিখে। লক্ষ্য, সেখানে অবস্থান করা বাংলাদেশিদের বাড়িতে গিয়ে খেলাটা দেখা। কিন্তু সে রকম কোনো ব্যবস্থাই হলো না। তবে একজন তাঁকে একটি অস্ট্রেলিয়ান পাবের সন্ধান দিয়েছিলেন, যেখানে হয়তো খেলা দেখার চ্যানেল থাকতে পারে। এবার দল নিয়ে সেই পাবে গিয়ে হুমায়ূন আহমেদ দেখলেন, সেখানে ফুটবল খেলা চলছে। পাবের মালিককে তাঁর সহকারী বললেন, ‘আমরা বাংলাদেশ থেকে এসেছি। আমরা ওয়ানডে ক্রিকেটে তোমাদের হারিয়েছি। আজ আবার হারাব। আমাদের খেলা দেখার ব্যবস্থা করে দাও।’

এ কথা শুনে পাবের মালিক তাঁদের খেলা দেখার সুযোগ করে দিলেন। খেলায় বাংলাদেশের অবস্থা ছিল শোচনীয়। প্রথমে ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট খোয়াতে থাকে বাংলাদেশ। এ খেলা দেখা মানে হৃদয়ে রক্তক্ষরণ। তাই হুমায়ূন আহমেদ উঠে দাঁড়ালেন। তখন পাবের মালিক বাঁকা হাসি দিয়ে জিজ্ঞাসা করলেন, ‘তোমরা কি জিতেছ?’ হুমায়ূন আহমেদ বললেন, ‘ইয়েস।’ তাঁর সঙ্গে সুর মিলিয়ে সবাই বলে উঠলেন, ‘ইয়েস।’ এভাবে পাবের মালিককে অবাক করে পাব ত্যাগ করেন তাঁরা।

বাংলাদেশের খেলা কখনোই একা দেখতেন না হুমায়ূন আহমেদ। ম্যাচের দিন বন্ধুবান্ধব ও কাছের মানুষদের নিয়ে একসঙ্গে খেলা উপভোগ করতেন তিনি। খেলা দেখার পাশাপাশি খাবারদাবারেরও আয়োজন হতো বেশ। ২০০৭ সালের কথা। সেবার ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিন হুমায়ূন আহমেদ ছিলেন নুহাশপল্লীতে। প্রিয়জনদের নিয়ে জমিয়ে ম্যাচ উপভোগ করছিলেন তিনি। ম্যাচে বাংলাদেশের অবস্থা ভালো দেখে জয়ের ব্যাপারে তিনি বেশ আত্মবিশ্বাসী ছিলেন। বাংলাদেশ জিতলে রাতে খাসি জবাই করার ঘোষণাও দিয়ে রাখেন তাই। জয়ের ব্যাপারে তিনি এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে ম্যাচ শেষ হওয়ার আগেই নুহাশপল্লীর ম্যানেজারকে খাসি কিনে রাখতে বলে দেন। তারপর ম্যাচটি জিতে যায় বাংলাদেশ, ঝাল করে খাসির মাংস রান্না করা হয় এবং তা খেয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়টি উদ্‌যাপন করেন তিনি।

হুমায়ূন আহমেদ এতটাই ক্রিকেটপ্রেমী ছিলেন যে নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায়ও তিনি বাংলাদেশের খেলা দেখতে ভুল করতেন না। ২০১১ সালের শেষ দিকে পাকিস্তান যখন বাংলাদেশে খেলতে আসে, তখন তিনি নিউইয়র্কে। তিনি তাঁর ঘনিষ্ঠ একজনকে তাই খেলা দেখার ব্যবস্থা করে দিতে বলেন। কিন্তু যে দুই চ্যানেল খেলা দেখাবে, সেগুলো ওই ব্যক্তির ডিশের লাইনে ছিল না। সেদিন বিকেলে নিউইয়র্কে অবস্থানকারী একজন বাল্যবন্ধু হুমায়ূন আহমেদকে দেখতে আসেন। সেই বন্ধুর কাছ থেকে ইন্টারনেটে কীভাবে বাংলাদেশের খেলাটি দেখা যায়, তা কাগজে লিখে রাখেন তিনি। সেই কাগজ তিনি তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিটিকে দিয়ে খেলা দেখার ব্যবস্থা করে রাখতে বলেন। তখন খেলা শুরু হতো নিউইয়র্ক সময় ভোররাত চারটায়। তাই রাতেই খেলা দেখার সব বন্দোবস্ত করে রাখা হতো। তারপর ভোরে হুমায়ূন আহমেদকে ডেকে তোলা হতো। তিনি সোফায় বসে সামনের টি-টেবিলে ল্যাপটপ রেখে বাংলাদেশের খেলা দেখতে থাকতেন এবং একেকটা চার-ছয় চিৎকার করে উদ্‌যাপন করতেন। ভাবতে পারেন, একজন লোক ক্রিকেটকে কতটুকু ভালবাসলে অসুস্থ অবস্থায়ও ভোরবেলায় খেলা দেখতে ঘুম ভেঙে উঠে পড়েন?

পরে ২০১২ সালের এশিয়া কাপও নিউইয়র্কে বসে দেখতে হয় হুমায়ূন আহমেদকে। সেখানেই ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় এবং পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন তিনি।

আগেই বলে ফেলেছি, বাংলাদেশের খেলা কখনোই একা দেখতেন না হুমায়ূন আহমেদ। কখনো নিজের বাসায়, কখনোবা বন্ধুদের বাসায় সবাইকে নিয়ে খেলা দেখতেন তিনি। ২০১১ সালে যৌথভাবে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় বসে বিশ্বকাপ ক্রিকেটের দশম আসর। সেই বিশ্বকাপকে কেন্দ্র করে হুমায়ূন আহমেদ বেশ কয়েকটা পরিকল্পনা সাজান। বন্ধুবান্ধব সবাই মিলে বাংলাদেশের জার্সি পরে একসঙ্গে খেলা দেখা, বাংলাদেশের একেকটা ম্যাচ একেক বন্ধুর বাড়িতে গিয়ে উপভোগ করা—এসবই ছিল ওই পরিকল্পনাগুলোর অংশ।

তারপর বিশ্বকাপের সময় পরিকল্পনামাফিক জার্সি কেনা হলো এবং বন্ধুদের বাড়ি বাড়ি গিয়ে খেলা দেখাও শুরু হয়ে গেল। এর মধ্যে তাঁর শাশুড়ি বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ম্যাচের দুটি ভিআইপি টিকিট উপহার দেন তাঁকে। স্ত্রী মেহের আফরোজ শাওনকে নিয়ে তিনি ছুটে গেলেন স্টেডিয়ামে। মাঠে প্রবেশের মুহূর্তে রংতুলি নিয়ে কয়েকজনকে হেঁটে যেতে দেখলেন তিনি। তা দেখে হঠাৎ বাঘ সাজার ইচ্ছা জাগল তাঁর। বাঘ সাজার পূর্বে তিনি শাওনের মতামত জানতে চাইলেন। শাওন তাঁর ইচ্ছার বিরুদ্ধে গেলেন না। পরক্ষণে বাঘ সাজার ইচ্ছাকে বিসর্জন দিলেন হুমায়ূন আহমেদ। শাওন কারণ জানতে চাইলে তিনি জানান, ‘বৃদ্ধ বাঘ সেজে মাঠে ঢোকার কোনো মানে হয় না। মাঠে ঢুকবে তরুণ বাঘ এবং বাঘিনীরা।’ সেদিন পুরো ম্যাচ না দেখেই স্টেডিয়াম থেকে বের হয়ে যান হুমায়ূন আহমেদ। ফিরে এসে ম্যাচের বাকি অংশ তিনি বন্ধুদের নিয়ে একসঙ্গে দেখেন। এভাবেই বাংলাদেশের খেলাগুলো বন্ধুদের নিয়ে একসঙ্গে উপভোগ করতেন তিনি।

ক্রিকেটপ্রেমী হুমায়ূন আহমেদ তাঁর জীবদ্দশায় একটি বই আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে উৎসর্গ করে গিয়েছেন। বইটির নাম ‘ফাউন্টেনপেন’। সেখানে তিনি লিখেছিলেন, ‘সাকিব আল হাসান, এই তরুণকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। কিন্তু মুগ্ধ হয়ে তাঁর খেলা দেখি।’ নির্দিষ্টভাবে ‘ফাউন্টেনপেন’ বইটিই সাকিবকে উৎসর্গ করার কারণও তিনি খোলাসা করেন এই বলে, ‘সাধারণ বলপয়েন্ট কলমের কালি শেষ হয়ে গেলে আর লেখা যায় না। কিন্তু ফাউন্টেনপেনের কালি শেষ হলে আবার কালি ভরে লেখা যায়। সাকিব হচ্ছে আমাদের ফাউন্টেনপেন। সবাই থেমে গেলেও সাকিব থেমে যায় না। ছেলেটা অদম্য, অফুরন্ত।’

ক্রিকেটের প্রতি হুমায়ূন আহমেদের আবেগ ও ভালোবাসার অন্ত ছিল না। বর্তমানে বাংলাদেশ দল যেভাবে ক্রিকেট খেলছে, যেসব সাফল্য পাচ্ছে এবং যেভাবে বড় দলগুলোর চোখে চোখ রেখে লড়াই করে জয় ছিনিয়ে আনছে; তাতে তাঁর চেয়ে বেশি আর কে খুশি হতেন! আজ চিৎকার করে বলতে ইচ্ছা করছে, দেখুন স্যার, আপনার বাংলাদেশ পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে ওয়ানডে র‍্যাংকিংয়ে প্রথমবারের মতো সাতে উঠে এসেছে, ইংল্যান্ডের মতো দলকে হটিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছে, দেশের মাটিতে ক্রিকেটের অভিজাত সংস্করণে সেই নাকউঁচু ইংরেজদের প্রবল প্রতাপে পরাজিত করেছে। আপনি সুইজারল্যান্ডে থাকাকালীন বাংলাদেশ যে অস্ট্রেলিয়ার বিপক্ষে গো–হারা হেরেছিল, সেই অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে তাঁরা চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলেছে; এমনকি নিজেদের মাটিতে ক্রিকেটের কুলীন সংস্করণে তাদের পর্যুদস্ত করেছে। আপনি কি দেখছেন স্যার?