ক্রিকেটার আরাফাত এক দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরাফাত সানি
আরাফাত সানি

এক নারীর দায়ের করা মামলায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে গতকাল রোববার গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে নেওয়া হলে বিচারক তাঁকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন। গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই এ আদেশ দেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা একটি মামলায় আরাফাত সানিকে গ্রেপ্তার করে গতকাল আদালতে তঁাকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।
বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ রফিকুল ইসলাম আদালতকে বলেন, বাদী আরাফাত সানির বিবাহিত স্ত্রী ছিলেন। গত বছরের ১২ জুন আরাফাত সানি বাদীর ফেসবুক ম্যাসেঞ্জারে একান্ত ব্যক্তিগত ছবি এবং বাদীর আপত্তিকর ছবি পাঠান। পরে তা দিয়ে নানা ধরনের হুমকি দেন। ওই বছরের ২৫ নভেম্বর আসামি আবার ফেসবুক ম্যাসেঞ্জার আরও কিছু আপত্তিকর ছবি পাঠান।
আরাফাত সানির আইনজীবী জুয়েল আহমেদ এর বিরোধিতা করে আদালতকে বলেন, এ ধরনের অভিযোগ মিথ্যা। আরাফাত সানির সঙ্গে মামলার বাদীর সঙ্গে কোনো সম্পর্ক হয়নি। এ সময় বাদীপক্ষের আইনজীবী বিয়ের একটি কাবিননামা আদালতে দেন।

আদালত সূত্র জানায়, গতকাল ৫ জানুয়ারি মোহাম্মদপুর থানায় তথ্য প্রযুক্তি আইনে এ মামলা করা হয়। গতকাল আমিনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলায় অভিযোগ আনা হয়, আরাফাত সানির সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক রয়েছে। ফেসবুকে ব্যক্তিগত ছবি প্রকাশের হুমকি দেন।