ক্রিকেটার আরাফাত রিমান্ড শেষে কারাগারে
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় এক দিনের রিমান্ড শেষে ক্রিকেটার আরাফাত সানিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর পক্ষে করা জামিনের আবেদন নাকচ করে দেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার এ আদেশ দেন।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় গত রোববার আরাফাত সানিকে ঢাকার আমিনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই তাঁকে আদালতে হাজির করে এক দিনের রিমান্ডে নেয় পুলিশ। গতকাল রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হয়।
আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়, এক দিনের রিমান্ডে আরাফাত সানি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। মামলাটি তদন্ত করছেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহিয়া।
৫ জানুয়ারি আরাফাত সানির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় এ মামলা করেন নিজেকে তাঁর স্ত্রী দাবি করা এক তরুণী। ওই তরুণী ২০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে গত সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরেকটি মামলা করেন। আদালত নালিশি এই মামলা আমলে নিয়ে আরাফাত সানির বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ৫ এপ্রিল সমন জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিল করার আদেশ দিয়েছেন আদালত।