শিশু গৃহকর্মী মাহফুজা আক্তার ওরফে হ্যাপিকে নির্যাতনের অভিযোগে করা মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রী জেসমিন জাহানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
গতকাল রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক তানজিলা ইসমাইল এ রায় ঘোষণা করেন। ্এ সময় শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর প্রতিক্রিয়ায় শাহাদাত সাংবাদিকদের বলেন, তিনি নির্দোষ, এই রায়ের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। তিনি আবার ক্রিকেটে ফেরার আশা প্রকাশ করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি আলী আসগর প্রথম আলোকে বলেন, ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় নির্যাতনের বিষয়ে জবানবন্দি দেয় মাহফুজা। জবানবন্দি গ্রহণকারী বিচারক সাক্ষ্য দিয়েছেন, মাহফুজার চিকিৎসক নির্যাতনের বিষয়ে আদালতে সাক্ষ্য দিয়েছেন। মাহফুজা আসামির দ্বারা প্রভাবিত হয়ে সাক্ষ্য দেওয়ায় তাকে রাষ্ট্রপক্ষে বৈরী ঘোষণা করা হয়। আর রায়ে বলা হয়েছে, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে, তাই আসামিদের খালাস দেওয়া হলো। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, রায়ের অনুলিপি পাওয়ার পর উচ্চ আদালতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
আসামিপক্ষের আইনজীবীরা এই রায়ে সন্তোষ প্রকাশ করেন। আসামিপক্ষে ছিলেন কাজী নজিবুল্লাহ ও মিজানুর রহমান।
গত বছরের ৬ সেপ্টেম্বর মিরপুর থানায় ক্রিকেটার শাহাদাত তাঁর গৃহকর্মী মাহফুজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মর্মে জিডি করেন। ওই দিন রাতে পল্লবী থেকে মাহফুজাকে উদ্ধার করে পুলিশ। মিরপুর থানায় নেওয়া হলে মাহফুজা অভিযোগ করে, শাহাদাতের বাসায় তার ওপর নির্যাতন চালানো হতো। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় খন্দকার মোজাম্মেল হক মামলা করেন।