শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে করা মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রী জেসমিন জাহান আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করেছেন। আদালত ৩১ অক্টোবর এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন।
গতকাল বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক তানজিলা ইসমাইল এই তারিখ ধার্য করেন। গতকাল আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগর পরে প্রথম আলোকে বলেন, আসামিপক্ষ আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চেয়েছেন। ৩১ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। যুক্তিতর্ক শেষ হলে রায় ঘোষণার দিন ধার্য করবেন আদালত।
শিশু গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের অভিযোগে গত বছরের ৬ সেপ্টেম্বর মিরপুর থানায় এ মামলা করেন খন্দকার মোজাম্মেল হক। তদন্ত শেষে ওই বছরের ২৯ ডিসেম্বর পুলিশ অভিযোগপত্র দেয়। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি মামলাটির অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।
এই মামলায় জেসমিন জাহানকে গত বছরের ৩ অক্টোবর মালিবাগে তাঁর বাবার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। একই বছরের ৫ অক্টোবর ক্রিকেটার শাহাদাত আদালতে আত্মসমর্পণ করলে তাঁকেও কারাগারে পাঠানো হয়। পরে শাহাদাতকে রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে এই দম্পতি জামিনে আছেন।