শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে করা মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রী জেসমিন জাহানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার মিরপুর মডেল থানার পরিদর্শক শফিকুর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রভুক্ত শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রী জামিনে আছেন। ১ ডিসেম্বর জেসমিন জাহান এবং ৮ ডিসেম্বর শাহাদাত হোসেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান।
অভিযোগপত্রে বলা হয়েছে, গৃহকর্মী মাহফুজা আক্তারকে মারধর করে তার পা ও হাতের আঙুল ভেঙে দিয়েছেন ক্রিকেটার শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রী জেসমিন জাহান। সে যাতে বাসা থেকে পালাতে না পারে, সে জন্য এক বছর ধরে তাকে বাথরুমে ঘুমাতে বাধ্য করা হয়। শাহাদাতকে রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে তিনি নির্যাতনের কথা স্বীকার করেন। নির্যাতনের শিকার মাহফুজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। অভিযোগপত্রে শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪-এর (২)খ ধারায় শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
আদালতের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪-এর ২(খ) ধারায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। এই ধারায় অপরাধ প্রমাণিত হলে ৭ থেকে ১৪ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। ১২ জানুয়ারি এ মামলার শুনানির দিন ধার্য আছে। ওই দিন অভিযোগপত্র আদালতে উপস্থাপন করা হবে।
শিশু গৃহকর্মীকে (১১) নির্যাতনের অভিযোগে শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন খন্দকার মোজাম্মেল হক। এ ঘটনায় ৩ অক্টোবর রাতে মালিবাগে বাবার বাসা থেকে জেসমিন জাহানকে গ্রেপ্তার করে পুলিশ। ৫ অক্টোবর শাহাদাত হোসেন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তাঁরা দুজনেই জামিনে আছেন।