ক্রিকেটার শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রী জেসমিন জাহানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল সোমবার অভিযোগ গঠনের মধ্য দিয়ে শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে এই মামলার বিচারকাজ শুরু হলো।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল গতকাল শুনানি শেষে এই মামলার অভিযোগ গঠন করে আদেশ দেন। একই সঙ্গে আদালত মামলা থেকে অব্যাহতি চেয়ে আসামিপক্ষের করা আবেদন নাকচ করে দেন।
জামিনে থাকা শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রী নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। আদালত অভিযোগ গঠন করে আগামী ২০ মার্চ এ মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি আলী আজগর পরে প্রথম আলোকে বলেন, গত বছরের ২৯ ডিসেম্বর এই মামলায় পুলিশি তদন্ত শেষে শাহাদাত ও জেসমিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি মামলাটির অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। গতকাল অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু হলো।
আইনজীবী আলী আজগরকে সহায়তা করে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।
গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত ও তাঁর স্ত্রী জেসমিনের বিরুদ্ধে গত বছরের ৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন খন্দকার মোজাম্মেল হক। এই মামলায় জেসমিনকে মালিবাগে তাঁর বাবার বাসা থেকে ৩ অক্টোবর গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তাঁর রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠান। ৫ অক্টোবর শাহাদাত আদালতে আত্মসমর্পণ করলে তাঁকেও কারাগারে পাঠানো হয়। পরে শাহাদাতকে রিমান্ডে নেয় পুলিশ। পরে এই দম্পতি জামিনে মুক্তি পান।
গৃহকর্মী মাহফুজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সে আদালতে দেওয়া জবানবন্দিতে তার ওপর নির্যাতনের বর্ণনা দেয়। বর্তমানে সে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির হেফাজতে সংস্থাটির সেফ হোমে আছে।