ক্রিকেটার শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা যাচ্ছে ট্রাইব্যুনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রী জেসমিন জাহানের বিরুদ্ধে করা মামলার বিচার নিষ্পত্তির জন্য তা ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হচ্ছে।
গতকাল মঙ্গলবার সকালে ঢাকার মহানগর হাকিম নুরু মিয়ার আদালতে এ মামলার অভিযোগপত্রসহ নথি উপস্থাপন করা হয়। বিচারক মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা ট্রাইব্যুনালে বদলি-সংক্রান্ত আদেশের জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নথি পাঠান।
মিরপুর মডেল থানার পরিদর্শক শফিকুর রহমান গত বছরের ১৯ ডিসেম্বর এ মামলায় শাহাদাত হোসেন ও জেসমিন জাহানের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গতকাল তা উপস্থাপন করা হলে আদালত বিচার নিষ্পত্তি করতে এ আদেশ দেন।
শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রী জামিনে আছেন। গত ১ ডিসেম্বর জেসমিন জাহান ও ৮ ডিসেম্বর শাহাদাত হোসেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান।
অভিযোগপত্রে বলা হয়, গৃহকর্মী মাহফুজা আক্তারকে মেরে তার পা ও হাতের আঙুল ভেঙে দিয়েছেন ক্রিকেটার শাহাদাত ও তাঁর স্ত্রী। সে যাতে বাসা থেকে পালাতে না পারে, সে জন্য এক বছর ধরে তাকে বাথরুমে ঘুমাতে বাধ্য করা হয়। নির্যাতনের শিকার মাহফুজা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়। শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। অভিযোগপত্রে এই দম্পতির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪-এর (২)খ ধারায় শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
গৃহকর্মী মাহফুজাকে (১১) নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর মিরপুর থানায় নারী
ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন খন্দকার মোজাম্মেল হক।