ক্রিকেটার শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রী জেসমিন জাহানের বিরুদ্ধে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে করা মামলার রায় ঘোষণার জন্য ৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
গতকাল সোমবার এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এ দিন ধার্য করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক তানজিলা ইসমাইল।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগর প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার দিন ধার্য করেছেন। গৃহকর্মী নির্যাতনের অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত ও সাক্ষী উপস্থাপন করা হয়েছে। তিনি মনে করেন, অভিযোগ প্রমাণে উপযুক্ত সাক্ষী উপস্থাপন করা হয়েছে।
গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের অভিযোগে গত বছরের ৬ সেপ্টেম্বর মিরপুর থানায় এ মামলা করেন খন্দকার মোজাম্মেল হক। ওই বছরের ২৯ ডিসেম্বর পুলিশ অভিযোগপত্র দেয়। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি মামলাটির অভিযোগপত্র গ্রহণ করা হয়।
জেসমিনকে গত বছরের ৩ অক্টোবর মালিবাগে তাঁর বাবার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। ৫ অক্টোবর শাহাদাত আদালতে আত্মসমর্পণ করলে তাঁকেও কারাগারে পাঠানো হয়। পরে শাহাদাতকে রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে এই দম্পতি জামিনে আছেন।