শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম ইউসুফ হোসেনের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এই মামলায় শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান ওরফে নৃত্য শাহাদাতকে গত শনিবার রাতে মালিবাগ থেকে পুলিশ গ্রেপ্তার করে। রোববার আদালত জেসমিনের রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর ও কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। রোববার শুনানিতে জেসমিনের আইনজীবী কাজী নজিবুল্লাহ শাহাদাতকে হাজির করাবেন বলে আদালতকে জানিয়েছিলেন।
গতকাল শাহাদাত হোসেন তাঁর আইনজীবী কাজী নজিবুল্লাহর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানিতে কাজী নজিবুল্লাহ বলেন, শিশু গৃহকর্মীকে নির্যাতনের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। আদালত রোববার তাঁর স্ত্রীর জামিন ও রিমান্ডের আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন। তিনি বলেন, ‘শিশু নির্যাতনের বিচার হোক, আমরাও চাই। শাহাদাত জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাঁকে জামিন দেওয়া হলে আদালতের আদেশ অনুযায়ী হাজির থাকবেন। তাই আদালত তাঁর জামিন আবেদন বিবেচনা করতে পারেন। মামলার কাজে কোনো বিঘ্ন ঘটবে না।’
বাদীপক্ষে শুনানি করেন জাতীয় মহিলা আইনজীবী সংস্থার ফাহমিদা আকতার। তিনি আদালতে বলেন, শাহাদাত এজাহার-নামীয় আসামি। এ পর্যায়ে আসামিকে জামিন দেওয়া হলে তদন্তে বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে।
বাদীপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে শাহাদাতকেও কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাঁকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
গৃহকর্মী মাহফুজা আক্তার ওরফে হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গত সেপ্টেম্বর মাসের শুরুর দিকে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন খন্দকার মোজাম্মেল হক।