ক্রিকেটার শাহাদাত রিমান্ড শেষে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহাদাত হোসেন
শাহাদাত হোসেন

শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেনকে তিন দিনের রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ড শেষে গতকাল তাঁকে আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম তাঁর জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শাহাদাত হোসেনকে গতকাল আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার পরিদর্শক শফিকুর রহমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তা শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন।
শাহাদাতের পক্ষে আইনজীবী কাজী নজিবুল্লাহ জামিনের আবেদন করেন। মামলার বাদীপক্ষে জামিনের বিরোধিতা করেন জাতীয় মহিলা আইনজীবী সংস্থার ফাহমিদা আকতার। শুনানি শেষে আদালত শাহাদাতের জামিনের আবেদন নাকচ করেন।
এ মামলায় গ্রেপ্তার করা শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান শাহাদাতকে ৪ অক্টোবর কারাগারে পাঠান আদালত। ৫ অক্টোবর শাহাদাত হোসেন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁকেও কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশ তাঁকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: