ক্রিকেটার শাহাদাতের জামিন নামঞ্জুর
শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেনের জামিনের আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হাসান মোল্লা এ আদেশ দেন। একই মামলায় শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান ওরফে নৃত্য কারাগারে আছেন।
গত ৫ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে শাহাদাত আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেছিলেন। আদালত সেই প্রার্থনা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। ওই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে ফের জামিনের আবেদন করেন শাহাদাত।
গৃহকর্মী মাহফুজা আক্তার ওরফে হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে গত মাসে শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন জনৈক খন্দকার মোজাম্মেল হক।
মামলায় অভিযোগ করা হয়, ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় সাত মাস আগে কাজে যোগ দেয় মাহফুজা। শাহাদাত ও তাঁর স্ত্রী প্রায়ই তাকে মারধর করতেন, গরম খুন্তির ছ্যাঁকা দিতেন।