
শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম ইউসুফ হোসেন এ আদেশ দেন।
শাহাদাত হোসেন গত সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মঙ্গলবার মিরপুর মডেল থানার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। রিমান্ড আবেদন শুনানির জন্য আদালত বৃহস্পতিবার দিন ধার্য করেন।
গতকাল শুনানিতে শাহাদাত হোসেনের পক্ষে আইনজীবী কাজী নজিবুল্লাহ বলেন, মামলার অভিযোগ হচ্ছে গৃহকর্মী নির্যাতনের। নির্যাতনের বিষয় উদ্ঘাটিত হয়েছে। তাই রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। আবেদনে রিমান্ডে নেওয়ার মতো কোনো যৌক্তিক কারণও উল্লেখ করা হয়নি। তাই রিমান্ড আবেদন বাতিলের আবেদন জানান তিনি।
মামলার বাদীপক্ষে শুনানি করেন জাতীয় মহিলা আইনজীবী সংস্থার ফাহমিদা আকতার। তিনি আদালতকে বলেন, নির্যাতনের শিকার শিশু তার জবানবন্দিতে বলেছে, তাকে নির্যাতনের সঙ্গে শাহাদাত জড়িত ছিলেন। মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত শাহাদাত হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শিশু গৃহকর্মী মাহফুজা আক্তার ওরফে হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে শাহাদাত ও তাঁর স্ত্রী জেসমিন জাহান ওরফে নৃত্য শাহাদাতের বিরুদ্ধে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা করেন খন্দকার মোজাম্মেল হক। গত শনিবার রাতে জেসমিন জাহানকে মালিবাগে তাঁর বাবার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার আদালতে পাঠালে আদালত তাঁকে কারাগারে পাঠানোর ও কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।