ক্রিকেটার শাহাদাতের স্ত্রী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহান ওরফে নৃত্য শাহাদাতকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। গত শনিবার দিবাগত রাতে তাঁকে মালিবাগে তাঁর বাবার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। শাহাদাতও একই মামলার আসামি হলেও এখনো তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গ্রেপ্তারের পর জেসমিনকে মিরপুর থানায় নেওয়া হয়। গতকাল তাঁকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান পাঁচ দিন রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ ইউনুস খান তাঁর জামিন ও রিমান্ডের আবেদন নাকচ করেন এবং কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
মামলার বাদী খন্দকার মোজাম্মেল হক আদালতে উপস্থিত ছিলেন। বাদীপক্ষে শুনানি করেন জাতীয় মহিলা আইনজীবী সংস্থার ফাহমিদা আকতার। তিনি আদালতকে বলেন, জেসমিন জাহান তাঁর গৃহকর্মীকে নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। বাদী নির্যাতনের শিকার গৃহকর্মীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। শিশুটি এখনো চিকিৎসাধীন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
জেসমিনের পক্ষে কাজি নজিবুল্লাহ আদালতকে বলেন, শিশুটিকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তা বিভিন্ন গণমাধ্যমে এসেছে। মামলার বিষয় উদ্ঘাটিত হয়েছে। তাঁকে রিমান্ডে নেওয়ার মতো কোনো যৌক্তিকতা নেই। শাহাদতকে আদালতে হাজির করাবেন বলেও তিনি আদালতকে জানান। তিনি বলেন, শিশু নির্যাতনের বিচার হওয়া উচিত। আজকের যে ভিকটিম সে একজন শিশু, আর আসামি জেসমিন জাহানের সঙ্গে নয় মাসের মানহা নামের শিশুসন্তান রয়েছে। তার কী অপরাধ। রিমান্ডে নেওয়া মানে এই শিশুকে তার অধিকার থেকে যাতে বঞ্চিত করা না হয়। তাই আসামি জামিন পেতে পারেন।
জেসমিনের শিশুসন্তান তার নানা-নানির কাছে আছে বলে জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।