শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্যর জামিনের আবেদন আবার নাকচ করে দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী এ আদেশ দেন।
৩ অক্টোবর রাতে মালিবাগে বাবার বাসা থেকে জেসমিন জাহানকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত তাঁর রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ৫ অক্টোবর শাহাদাত হোসেন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁকেও কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশ শাহাদাত হোসেনকে তিন দিনের রিমান্ডে নেয়। রিমান্ড শেষে মঙ্গলবার তাঁকে কারাগারে পাঠানো হয়।
জেসমিনের আইনজীবী কাজী নজিবুল্লাহ জামিনের শুনানিতে আদালতকে বলেন, জেসমিন জাহান একজন মহিলা। নয় মাসের শিশুসন্তানের মা। মায়ের কারণে নয় মাসের শিশু শাস্তি পেতে পারে না। আদালত এ বিষয় বিবেচনা করে জামিন দিতে পারেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। আদালত শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করেন।
গৃহকর্মী মাহফুজা আক্তার ওরফে হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে খন্দকার মোজাম্মেল হক এ মামলা করেন।