ক্রিকেটার সানির জামিন ও রিমান্ড আবেদন নাকচ
মারধরের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় ক্রিকেটার আরাফাত সানির জামিন ও রিমান্ডের আবেদন গতকাল রোববার নাকচ করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী এ দুই আবেদন নাকচ করে আদেশ দেন।
১ ফেব্রুয়ারি ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মারধরের অভিযোগে ক্রিকেটার আরাফাত সানি ও তাঁর মায়ের বিরুদ্ধে তৃতীয় মামলাটি করেন নিজেকে সানির স্ত্রী দাবি করা এক তরুণী। ওই দিন বিচারক মামলাটিকে এজাহার হিসেবে নিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন। ৮ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানার পুলিশ নালিশি মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদুর রহমান এ মামলায় আরাফাত সানিকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তাঁর রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবীরা। আদালত রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে উভয় আবেদন নাকচ করেন।
গত ৫ জানুয়ারি মোহাম্মদপুর থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে ওই তরুণীর করা মামলায় ২২ জানুয়ারি আরাফাত সানিকে তাঁর আমিনবাজারের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।