ক্রিকেটারদের নিরাপত্তাব্যবস্থায় সন্তুষ্ট ব্রিটিশ হাইকমিশনার
বাংলাদেশে সফররত ইংলিশ ক্রিকেটারদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। এ ছাড়া জুলাইতে গুলশানে জঙ্গি হামলার পর বিদেশি নাগরিকদের নিরাপত্তায় সরকারের নেওয়া পদক্ষেপগুলোর প্রশংসা করেন তিনি।
আজ সোমবার ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) এক ভোজসভায় অ্যালিসন ব্লেক এসব কথা বলেন। রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এ সভায় বিভিন্ন বিষয়ে কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার।
তিনি বলেন, ‘নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। আস্থা ফিরছে। তবে নিরাপত্তাব্যবস্থায় শিথিলতা আনার সময় হয়েছে—এমন বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি।’
এ সময় টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ে অভিনন্দন জানান তিনি। অ্যালিসন ব্লেক বলেন, ‘বাংলাদেশের জয়টি ছিল অসাধারণ। কোনো একটি খেলায় কোনো দল জিতল সেটি বড় কথা নয়। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট জেতাই বড় বিষয়।’
অনুষ্ঠানে এফআইসিসিআইয়ের সভাপতি রূপালী চৌধুরী, নির্বাহী পরিচালক জামিল ওসমান, নির্বাহী কমিটির সদস্য এডউইন বোলস বক্তব্য দেন। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকেরা এবং এফআইসিসিআইয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।