ক্রিকেটারদের হোটেলে ফেরার রাস্তা মানুষ শূন্য রাখা হবে
আজ শনিবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শেষে ক্রিকেটারদের হোটেলে ফেরার রাস্তা জনশূন্য রাখা হবে। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ তাঁর কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।পুলিশ কমিশনার বলেন, আজ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার খেলা শেষে দর্শকদের নির্ধারিত সময়ে স্টেডিয়াম ও রাস্তা ছেড়ে যেতে হবে। এরপর খেলোয়াড়দের হোটেলে ফেরার ব্যবস্থা করা হবে। আশপাশের রাস্তায় কাউকে দাঁড়াতে দেওয়া হবে না। ক্রিকেটাররা যে রাস্তা দিয়ে হোটেলে ফিরবেন, সে রাস্তায় যান চলাচল বন্ধের পাশাপাশি তা মানুষশূন্য করা হবে। ক্রিকেটারদের নিরাপত্তার জন্য যা করা দরকার, সবই করা হবে।কমিশনার বলেন, ঢিল মারার ঘটনার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। হার-জিত খেলায় থাকবেই। কিন্তু ক্রিকেট-উন্মাদনাকে কেউ ন্যক্কারজনক পর্যায়ে নিলে তার স্থান হবে হাজতে। বেনজীর আহমেদ আরও বলেন, কারও কাছে আতশবাজি পাওয়া গেলে তাকে গ্রেপ্তারও করা হতে পারে। স্টেডিয়ামসহ নগরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানান তিনি।