বিশ্বকাপকে সামনে রেখে চট্টগ্রামকে নানা বর্ণে সাজিয়ে তোলা হচ্ছে। সাজানো হচ্ছে আবাসিক হোটেলও। বেশির ভাগ দল থাকবে নগরের জিইসি মোড় এলাকার পেনিনসুলা হোটেলে। কিন্তু হোটেলটির ঠিক বিপরীতে ফুটপাতের ওপর রয়েছে খোলা একটি ময়লার ভাগাড়। নিয়মিত এখানে ময়লা ফেলা হয়।
এমন চিত্র কেবল জিইসি এলাকায় নয়, নগরের বিভিন্ন সড়কে এ রকম খোলা ডাস্টবিন বা ময়লা-আবর্জনার স্তূপ দেখা গেছে।
নগরের জুবিলি রোড, নিউমার্কেট, স্টেশন রোড, গোলপাহাড় মোড়, প্রবর্তক মোড়, ষোলশহর শপিং কমপ্লেক্স, নন্দনকাননসহ বিভিন্ন স্থানে ঘুরে খোলা ডাস্টবিনের অস্তিত্ব দেখা গেছে।
বিষয়টি স্বীকার করে বিশ্বকাপ টি-টোয়েন্টির ভেন্যু চেয়ারম্যান আ জ ম নাছিরউদ্দিন বলেন, ‘পরিচ্ছন্নতার কাজ সিটি করপোরেশন করে থাকে। নগরের কয়েকটি স্থানে কিছু ময়লা-আবর্জনা দেখা যায়। আমরা করপোরেশনের সঙ্গে সমন্বয় করে যাচ্ছি। তাদের বলা হয়েছে নগর যাতে সুন্দর ও পরিচ্ছন্ন রাখে। কারণ বিশ্বকাপকে সামনে রেখে দলের পাশাপাশি অনেক দেশি-বিদেশি সাংবাদিক, পর্যটক চট্টগ্রাম আসবেন।’
করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘পেনিনসুলার বিপরীতে খোলা ডাস্টবিন আমরা দেখেছি। আশপাশের দোকানদারদের বলে এসেছি এখানে যাতে ময়লা ফেলা না হয়। আর আমরা নিয়মিত পরিষ্কার করে নিচ্ছি।’ এ ছাড়া নগরের জিইসি মোড় ও জুবিলি রোডসহ বিভিন্ন স্থানের অনেক হোটেলে বিশ্বকাপ উপলক্ষে আসা সাংবাদিক, অফিশিয়াল দর্শক ও পর্যটকেরা থাকবেন বলে জানা গেছে। অনেকে ইতিমধ্যে হোটেল কক্ষ রাখার অগ্রিম তাগাদা পাঠিয়েছেন বলে জানা গেছে।
করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী বলেন, ‘বিশ্বকাপ উপলক্ষে নগরে একটি ম্যাচের কাঠিও থাকতে পারবে না। এমন নির্দেশনা দিয়েছেন মেয়র মহোদয়।’