জাতীয় ক্রিকেট একাডেমী ও রাজশাহী বিভাগীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান মায়শুকুর রহমানের পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।গত বুধবার সকালে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মায়শুকুর রহমান লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ১৯৮৮ সালের ১ ফেব্রুয়ারি তাঁর বাবা আবদুল মান্নান ব্যবসায়িক অংশীদার খা শাহ ছামছুর রহমানের কাছ থেকে বগুড়া শহরের সান্তাহার সড়কের নূরানী মোড়ে এক খণ্ড জায়গা কেনেন। কিন্তু জায়গাটি দলিল করে দেওয়ার নির্দিষ্ট তারিখের এক সপ্তাহ আগে ছামছুর মারা যান। মৃত্যুর পর তাঁর ছেলেমেয়েরা দলিল করে দেওয়ার কথা দেন। ১৯৯৪ সালে ছামছুরের অন্য দুই মেয়ে তৌহিদা বেগম ও রওশন আরা বেগম জমির মালিকানা দাবি করে বগুড়ার একটি আদালতে মামলা করেন। সেটি এখন বিচারাধীন। এদিকে মায়শুকুরের বাবাও বগুড়ার আদালতে একটি মামলা করেন। সেটিও বিচারাধীন।এ অবস্থায় প্রতিবেশী ইব্রাহীম ও তাঁর স্ত্রী ইসমত আরা বসতবাড়িটির জায়গা তাঁদের দাবি করে জোরপূর্বক গাছের ডাব পেড়ে নিয়ে গেলে তাঁদের নিষেধ করা হয়। ১ ডিসেম্বর ইব্রাহীম ছুরিকাঘাতের অভিযোগ করে থানায় মামলা করেন ও ওই রাতেই তিনি পুলিশ এনে মায়শুকুরের বাবা ও ছোট ভাইকে ধরিয়ে দেন। এ বিষয়ে ইব্রাহীম মিয়া জানান, ওই জমি তাঁর স্ত্রী ইসমত আরা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। তাঁদের বাড়িতেই মায়শুকুরের পরিবার বসবাস করছে ও তাঁদের হয়রানি করছে।