ক্রিকেটে দুর্নীতির অভিযোগে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ক্রিকেটকে ঘিরে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তাতে ক্রিকেট নিয়ে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মত দিয়েছেন বিবিসি বাংলাদেশ সংলাপের বেশির ভাগ আলোচক।গতকাল শনিবার বাংলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত বিবিসি সংলাপের ২৯তম পর্বে প্যানেল আলোচকেরা এ মন্তব্য করেন। সংলাপে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন সদরুল আমিন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী তানিয়া আমীর। বিবিসি বাংলা ও বিবিসি মিডিয়া অ্যাকশন যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।বাংলাদেশের ক্রিকেট নিয়ে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তা কি দেশের ক্রিকেটের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করতে পারে—এক দর্শকের এ প্রশ্নের জবাবে এ বি তাজুল ইসলাম বলেন, যে অভিযোগ উঠেছে তা যদি সত্য বলে প্রমাণিত হয়, তবে ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচিত হবে তাঁদের কঠোর শাস্তির ব্যবস্থা করা। সরকারের এ বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়া উচিত। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্রিকেটারদের প্লট দিয়েছে, গাড়ি দিয়েছে, তার পরও তাঁরা কেন এমন করবেন?অভিযোগ প্রমাণিত হলে সরকার ক্রিকেটারদের দেওয়া সুযোগ-সুবিধা ফিরিয়ে নেবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফিরিয়ে নেওয়া ঠিক হবে না, তবে দোষী খেলোয়াড়দের কঠোর শাস্তি দিতে হবে।মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বলেন, বর্তমান সরকারের আমলে দুর্নীতি খেলার মাঠেও প্রবেশ করেছে। অভিযোগ প্রমাণিত হলে দোষী ক্রিকেটারদের কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত।তানিয়া আমীর বলেন, এমনিতেই বিভিন্ন বিষয়ে বাংলাদেশের ভাবমূর্তির সংকট আছে, সেখানে এটা আরও ক্ষতি করতে পারে।সদরুল আমিন বলেন, এমনিতেই ক্রিকেট খেলায় এখন অনেক টাকা, ক্রিকেটাররা বিজ্ঞাপন করেও অনেক টাকা পান। এরপর আর তরুণ ক্রিকেটারদের লোভ করা উচিত নয়।বিএনপির নেতা তারেক রহমানের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন (দুদক) কি স্বাধীনভাবে কাজ করতে পারছে, নাকি সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে—এ প্রশ্নের জবাবে তাজুল ইসলাম দাবি করেন, দুদক ও বিচার বিভাগ স্বাধীন। সরকার কাউকে কাজ করতে বাধা বা নির্দেশনা দেয় না।তবে এর বিরোধিতা করে মীর নাছিরউদ্দিন বলেন, আইন প্রতিমন্ত্রী যেদিন বললেন, তার পরদিন আদালত তারেক রহমানের বিরুদ্ধে পরোয়ানা দিলেন। যেদিন আদালতে আবেদন জমা দেওয়া হলো, সেদিনই শুনানি করে আদেশ দেওয়া হলো। স্পষ্টতই বোঝা যায়, সরকারের ইঙ্গিতে দুদক আবেদন করেছে। তারা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে।দুদক স্বাধীনভাবে কাজ করতে পারছে না দাবি করে সদরুল আমিন বলেন, দুদক পক্ষপাতদুষ্ট। তানিয়া আমীর বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদকের যে কার্যক্রম দেখা গেছে, এখন তা দেখা যাচ্ছে না। সংলাপে অংশ নেওয়া বেশির ভাগ দর্শক দুদক স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে মত দিয়েছেন।ওয়ালিউর রহমানের প্রযোজনায় সংলাপ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আকবর হোসেন। অনুষ্ঠানে জানানো হয়, ৪ জুন থেকে বিবিসির নির্বাচনী সংলাপ শুরু হবে।