ক্রিকেটে মাতোয়ারা দেশ
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে রাজধানী ঢাকা ও বন্দর নগর চট্টগ্রাম যখন নজরকাড়া সাজে সজ্জিত করা হয়েছে, ঠিক তখন জেলা পর্যায়ের সমর্থকেরা এ উৎ সবে শরিক হওয়ার জন্য স্থানীয়ভাবে নানা কর্মসূচির আয়োজন করেছে। লালমনিরহাটের একদল তরুণ-তরুণী তো গোটা একটা প্রতীকী স্টেডিয়াম বানিয়ে তাঁদের উন্মাদনার প্রকাশ ঘটিয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর;লালমনিরহাট: সাকিব, শুভ, তামিমদের উৎ সাহ দিতে লালমনিরহাট পৌরসভার কারজিটারির বাদশা মোড়ে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা মীরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের আদলে মাটি দিয়ে স্টেডিয়াম তৈরি করেছে। স্থানীয় তরুণ আবদুস ছাত্তার লালমনিরহাট সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। সপ্তাহখানেক আগে সে তার বন্ধু এবং গ্রামের মেয়েদের নিয়ে স্টেডিয়ামটি নির্মাণের উদ্যোগ নেয়। স্টেডিয়ামের পাশে ঝুলানো হয়েছে, ‘শাবাশ বাংলাদেশ’, ‘গর্জে ওঠো বাংলাদেশ’ লেখা প্ল্যাকার্ড এবং টাঙানো হয়েছে জাতীয় পতাকা। সিরাজগঞ্জ: এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবারজেলার শহীদ সামসুদ্দীন স্টেডিয়ামে জমকালো কনসার্ট হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠান শুরু হওয়ার আগে বিকেল পাঁচটায় শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন পেশাজীবী সংগঠন, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ অনেকে অংশ নেন। এখানে বড় পর্দায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়।পাবনা: পাবনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহরে শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর শোভাযাত্রা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর প্রমুখ উপস্থিত ছিলেন। ফরিদপুর: জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহরে শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার মুজিবুর রহমান, মো. মোসলেম উদ্দিন, আহসান তুহিন প্রমুখ। নরসিংদী: নরসিংদী শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ইসলামি ব্যাংক নরসিংদী শাখার উদ্যোগে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের স্বাধীনতা চত্বরে এসে শোভাযাত্রাটি পথসভায় মিলিত হয়।