ক্রিকেটের কল্পলোকের গল্প
শার্লক হোমস কোন ‘কেস’টা নিয়ে সবচেয়ে বেশি গর্ব করেন? তা জানা না গেলেও বিখ্যাত এই গোয়েন্দা চরিত্রের স্রষ্টার চিরজীবনের গর্ব ছিল—নামের পাশে একটা মাত্র ফার্স্ট ক্লাস উইকেট, আর সেটিই কিনা ডব্লু জি গ্রেসের! আর্থার কোনান ডয়েল এ নিয়ে পরে কবিতাও লিখেছেন।

ক্রিকেট শুধু ক্রিকেটের সীমায় থাকেনি। যে শুধু ক্রিকেট জানে, সে ক্রিকেটের কীই-বা জানে! মাঠের চেয়ে বাইরেই ক্রিকেটের ব্যাপ্তিটা যেন বেশি। আর কী সব চরিত্র! ডব্লু জি গ্রেস, স্যার ডন ব্র্যাডম্যান। টেস্ট ক্রিকেটে প্রথম বল করা আলফ্রেড শ, প্রথম রান করা চার্লস ব্যানারম্যান। ভিক্টর ট্রাম্পার, উইলফ্রেড রোডস, জর্জ লোহ্ম্যান, রণজিৎসিংজি, সিবি ফ্রাই, সিডনি বার্নস, জ্যাক হবস...।
স্বর্গে বসে তাঁরা নিশ্চয়ই এখনো তুমুল আড্ডায় মশগুল হন। কল্পলোকের বাহনে চেপে সেই আড্ডায় হাজির হয়েছিলেন উৎপল শুভ্র। আর সেটাই তুলে আনলেন দুই মলাটে। কাল প্রথম আলো কার্যালয়ে হয়ে গেল তাঁর লেখা কল্পলোকে ক্রিকেটের গল্পর প্রকাশনা অনুষ্ঠান। প্রথমা প্রকাশন থেকে বেরিয়েছে বইটি। মাঠের নিরেট-নীরস পরিসংখ্যান মাঠের বাইরের গল্প আর লেখকের কল্পনার তুলির অপূর্ব মিশেলে হয়ে উঠেছে সপ্রাণ, সুপাঠ্য। এমনটাই বললেন অনুষ্ঠানের আলোচকেরা।
অনুষ্ঠানে ছিলেন জাতীয় দলের সাবেক তিন অধিনায়ক গাজী আশরাফ হোসেন, নাঈমুর রহমান ও হাবিবুল বাশার। ছিলেন ক্রিকেট কোচ ও লেখক জালাল আহমেদ চৌধুরী, প্রবীণ ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান, ক্রিকেট ইতিহাসবিদ অধ্যাপক নুরুল আনোয়ার ও জাতীয় ক্রিকেট দলের সাবেক ম্যানেজার কর্নেল (অব.) আবদুল লতিফ। স্বাগত বক্তব্য দিয়েছেন প্রথমার প্রধান নির্বাহী জাফর আহমদ রাশেদ।
লেখক আনিসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে পাঠকদের সামনে ক্রিকেটের ইতিহাসকে গল্প আর আড্ডার ছলে উপস্থাপন করায় উৎপল শুভ্রকে ধন্যবাদ জানিয়েছেন অতিথিরা। গাজী আশরাফ হোসেন বলেছেন, ‘গল্পের মতো করে লেখা ইতিহাসনির্ভর বইটি পড়ে অনেক কিছু জানতে পেরেছি, যা আমারও অজানা ছিল। ক্রিকেট ইতিহাস রসহীন নয়; কখনো সত্যিকারের গল্পের চেয়েও রোমাঞ্চকর হয়। লেখকের রসবোধের ছোঁয়ায় তা আরও উপভোগ্য হয়ে উঠেছে।’
বইটির সৃজনশীলতা ও মননশীলতার প্রশংসা করে জালাল আহমেদ চৌধুরী বলেছেন, ‘এটি উপন্যাস না ইতিহাস তা নিয়ে লেখকের মনে দ্বিধাদ্বন্দ্ব আছে। আমি বলব, এটি উপন্যাসসম এক ঐতিহাসিক আখ্যান। এর গদ্যও টাঙ্গাইলের চমচমের মতোই সুস্বাদু। বইটার ধরনই অসাধারণ। আর শুরুটাও কী চমৎকার!’
নুরুল আনোয়ার আশা প্রকাশ করেছেন, এই বইয়ের মাধ্যমে বাংলাদেশেও ক্রিকেট ইতিহাসের চর্চা শুরু হবে, ‘ক্রিকেট খেলাটা একটি সংস্কৃতি। এই সংস্কৃতি তৈরি হয় মাঠে, মাঠের বাইরে। আমাদের মাঠের খেলাটাই শুধু আছে। এখনকার ক্রিকেটও তো পণ্য। মাঠের বাইরের সংস্কৃতিটা তৈরি করা জরুরি, যেখানে দর্শক শুধু চার-ছক্কা দেখে দিন শেষে দলের শুধু জয়-পরাজয় দেখবে না। এতে বড় ভূমিকা রাখবে বই। অবাক লাগে, বাংলায় ক্রিকেট নিয়ে সে রকম বই নেই।’
এ সময়ের ক্রিকেটার বা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে এমন তরুণদের বইটি পড়ার আহ্বান জানিয়েছেন নাঈমুর রহমান ও হাবিবুল বাশার। বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ কামরুজ্জামানও বলেন, ‘শুভ্রর প্রথম বইটির পর্যালোচনা আমি লিখেছিলাম, সেও কত দিন আগের কথা। সব সময়ই মনে হয়েছে, শুভ্র আরও কত বেশি লিখতে পারত এ ধরনের বই।’
তরুণ ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদেরও একই আক্ষেপ, ‘তাঁর ক্যারিয়ার প্রায় তিন দশকের। অথচ বই কত কম!’ নোমান যোগ করেছেন, ‘উৎপল শুভ্রের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল বলেই জানি তিনি তথ্যের ব্যাপারে কতটা শুদ্ধতাবাদী। তথ্যের সঙ্গে কল্পনা মেশানো কঠিন এক কাজ। পাঠক হিসেবে মনে হয়েছে, সেটাই কত অনায়াসে করেছেন লেখক!’
সবশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন উৎপল শুভ্র। বলেছেন, ‘আমি জানি, মাশরাফি বা মোস্তাফিজ নিয়ে লিখলে আরও অনেক গুণ বেশি পাঠকপ্রিয় হতো। কিন্তু আমি দায়িত্ববোধ থেকে এটা লিখেছি। এ প্রজন্মের অনেকে যখন ক্রিকেটের বিখ্যাত চরিত্রগুলোকে চেনে না, আমি ওদের দোষ দিই না। বরং নিজেকে প্রশ্ন করি, ওদের চেনানোর দায়িত্বটা ঠিকমতো পালন করেছি কি? এই বইটার আরও দুটি খণ্ড করার ইচ্ছা আমার আছে।’