ক্রিকেটের ছায়ায় নিরিবিলি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শিমুল-পলাশ তো ফুটেছে আগেই। মাঝে আর এক দিন অপেক্ষা, গৌরবদীপ্ত অমর একুশের। কেন্দ্রীয় শহীদ মিনার ও বাংলা একাডেমি এবং তার আশপাশের এলাকায় গতকাল বুধবার থেকেই শুরু হয়েছে অমর একুশে বরণের প্রস্তুতি। তবে গ্রন্থমেলায় পড়েছিল বিশ্বকাপ ক্রিকেটের প্রভাব। বেলা তিনটায় মেলার ফটক খুললেও লোক সমাগম ছিল অন্য দিনের তুলনায় অল্প। শুরুর নিরালা পরিবেশ বজায় থাকল সন্ধ্যাতেও।
গতকাল প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের, আফগানিস্তানের সঙ্গে। বাঘের মতোই লড়ে জয়ের বন্দরে পৌঁছে গেছে মাশরাফির দল। একে তো হরতাল, তার ওপর প্রথম ম্যাচ। ঘর থেকে বের হওয়ার চেয়ে অনেকেই টিভির পর্দায় চোখ রাখাকেই বেছে নিয়েছিলেন পছন্দ হিসেবে। অন্তত মেলার বিক্রেতাদের তাই ধারণা। লোক সমাগম কম হওয়ায় স্বাভাবিকভাবে বিক্রিও কমেছে। বেচাকেনায় এই মন্দা অবশ্য এবার মেলার প্রথম থেকেই। রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিই তার জন্য দায়ী।
প্রতিবছরই বাড়ে, এবার কমেছে: এবারের মেলার বিক্রির অভিজ্ঞতা প্রকাশকদের জন্য সুখকর নয়। ঐতিহ্যের আমজাদ হোসেন বললেন, প্রতিবছরই মেলায় আগের বছরের চেয়ে বিক্রি বাড়ে। কিন্তু এ বছর এই ধারাবাহিকতায় ছেদ পড়ছে। মেলার মেয়াদের দুই-তৃতীয়াংশ পেরিয়ে যাওয়ার পর বিক্রির যে অবস্থা, তাতে গত বছরের চেয়ে বিক্রি অনেক কমে যাবে। প্রকাশনাও তাঁদের কমেছে। প্রস্তুতি ছিল ৬০টি বই করার। গতকাল পর্যন্ত এসেছে ৩৫টি। তাঁদের এখানে শারমিন আহমেদের তাজউদ্দীন আহমদ: নেতা ও পিতা বইটি ভালো চলছে।
পাঠককে বই কিনতে হবে যাচাই করে: মেলায় প্রতিবছর ৩ হাজারের বেশি বই প্রকাশিত হয়। এবারেও গতকাল পর্যন্ত তথ্যকেন্দ্রের হিসাব অনুসারে ২ হাজার ৩০৯টি বই প্রকাশিত হয়েছে। অধিকাংশ বই মানসম্মত নয়। লেখার মানের বিষয়টি ছাড়াও মুদ্রণপ্রমাদ ও অশুদ্ধ বানান অজস্র। এ প্রসঙ্গে ইমদাদুল হক মিলন বললেন, ‘এখন মেলার পরিসর বেড়েছে। স্টলগুলো বড় হয়েছে। পাঠকেরা যদি ধীরে-সুস্থে বইগুলো দেখেন, দু-এক পাতায় চোখ বুলিয়ে যাচাই-বাছাই করে কেনেন, তাহলে তাঁরা ভালো বই বেছে নিতে পারবেন।’ অনন্যা প্রকাশনীর প্যাভিলিয়নে মুক্তিযুদ্ধ নিয়ে উপন্যাস সাড়ে তিন হাত ভূমি-তে অটোগ্রাফ দিচ্ছিলেন এ লেখক। তাঁর মতে একাডেমির এখন প্রশাসনিক কাজ নিয়েই ব্যস্ত থাকা উচিত এবং মেলার দুই অংশে না করে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে একটি স্থানেই করা হলে পাঠকের এদিক-ওদিক ছোটাছুটির পেরেশানি কমবে। এবার মেলায় অনন্যা থেকে তাঁর চারটি ও বেঙ্গল পাবলিশার্স থেকে একটি বই এসেছে।
প্রথমার বই: দেশের শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের জীবন ও কাজ নিয়ে সৈয়দ আজিজুল হকের জয়নুল আবেদিন: সৃষ্টিশীল জীবনসমগ্র বইটি গতকাল এসেছে প্রথমা প্রকাশনের স্টলে। প্রথমার বিক্রয় প্রতিনিধিরা জানালেন, এবারে প্রকাশিত বইগুলোর মধ্যে গতকাল মহিউদ্দিন আহমদের জাসদের উত্থান পতন: অস্থির সময়ের রাজনীতি, এবিএম মূসার আত্মজীবনী আমার বেলা যে যায় ভালো বিক্রি হয়েছে। পুরোনো বইয়ের মধ্যে এখনো বিক্রির শীর্ষে একাত্তরের চিঠি। এ ছাড়া আকবর আলি খানের আজব ও জবর-আজব অর্থনীতি, গোলাম মুরশিদের মুক্তিযুদ্ধ ও তারপর, আনিসুল হকের উপন্যাস আমারও একটা প্রেমকাহিনি আছে, যারা ভোর এনেছিল, উষার দুয়ারে বইগুলোর কাটতি ভালো।
নতুন বই: গতকাল তথ্যকেন্দ্রের তালিকা অনুসারে নতুন বই এসেছে ৯১টি। এর মধ্যে আগামী থেকে নাসির আহমেদের কবিতা এই বসন্তে তোমাকে, অ্যাডর্ন থেকে হাবীবুল্লাহ সিরাজীর কবিতা কবিরাজ বিল্ডিংয়ের ছাদ, হাসান হাফিজের কবিতা নক্ষত্র বলেছে জেগে থাকো, আফরোজা অদিতির সমাজবিজ্ঞানবিষয়ক প্রবন্ধ প্রবীণ কথা ও জীবনাচার, তাম্রলিপি থেকে রিফাত শাহরিয়ারের গণিতবিষয়ক চলো গণিত উৎসবে যাই, আসিফের বিজ্ঞানবিষয়ক পৃথিবীর মহাজাগতিক ভাষা, রয়েল পাবলিশার্স থেকে কৃষিবিদ ফরহাদ আহমেদের কৃষিবিজ্ঞানবিষয়ক কৃষি উৎপাদন প্রযুক্তি ইত্যাদি। প্রকাশকেরা আশা করছেন, আজ থেকে মেলা গ্রন্থানুরাগীদের বিপুল সমাগমে স্পন্দিত হয়ে উঠবে।