ক্রিমিয়া নিয়ে ভোট দেওয়ায় বিরত থাকা যৌক্তিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার একীভূত হওয়ার বিরোধিতা করা জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবে ভোট না দিয়ে বাংলাদেশ যথার্থ ভূমিকা নিয়েছে। এ অবস্থানের মাধ্যমে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি থেকে বিচ্যুত হয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গতকাল মঙ্গলবার সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রীর দপ্তরে সাংবাদিকেরা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জি-৭৭ ও জোটনিরপেক্ষ দেশের সদস্য হিসেবে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা কারও পক্ষে অবস্থান নিই না। কাজেই এ নীতি থেকে আমরা সরে আসিনি। তাই আমরা জাতিসংঘ সাধারণ পরিষদের ভোটদানে বিরত থেকেছি।’
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপের একীভূত হওয়াকে স্বীকৃতি না দিতে গত শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব আনা হয়। প্রস্তাবের পক্ষে ১০০টি এবং বিপক্ষে ১১টি দেশ ভোট দেয়। আর চীন, ভারত, বাংলাদেশসহ ৫৮টি দেশ ভোটদানে বিরত থাকে।
বাংলাদেশ ভোটদানে বিরত থেকে বিশ্বের ‘সংখ্যাগরিষ্ঠ দেশের সঙ্গে যোগ না দেওয়ায়’ ঢাকার মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা গত সোমবার দুঃখ প্রকাশ করেন। তবে ভোটদানে বিরত থাকায় এর এক দিন আগেই বাংলাদেশকে ধন্যবাদ জানান রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার নিকোলায়েভ।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এ বিপরীতমুখী অবস্থানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশের অবস্থান নিয়ে কোন দেশ খুশি হলো কিংবা কোন দেশ নাখোশ হলো, এ নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।’