ক্রিমিয়া নিয়ে ভোটদানে বিরত থাকা যথার্থ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার একীভূত হওয়ার বিরোধিতা করে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবে ভোট না দিয়ে বাংলাদেশ যথার্থ ভূমিকা নিয়েছে। আর এ অবস্থানের মাধ্যমে বাংলাদেশ পররাষ্ট্রনীতি থেকে বিচ্যুত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আজ মঙ্গলবার তিনি তাঁর দপ্তরে সাংবাদিকদের কাছে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করেন। 

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘জি-৭৭ ও জোট নিরপেক্ষ দেশের সদস্য হিসেবে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা কারও পক্ষে অবস্থান নিই না। কাজেই এ নীতি থেকে আমরা সরে আসিনি। তাই আমরা জাতিসংঘ সাধারণ পরিষদের ভোটদানে বিরত থেকেছি।’

রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার একীভূত হওয়াকে স্বীকৃতি না দিতে গত শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব আনা হয়। প্রস্তাবের পক্ষে ১০০টি এবং বিপক্ষে ১১টি দেশ ভোট দেয়। আর চীন, ভারত ও বাংলাদেশ সহ ৫৮টি দেশ ভোটদানে বিরত থাকে।

ওই ভোটাভুটিতে ভোটদানে বিরত থেকে বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশের সঙ্গে বাংলাদেশ যোগ না দেওয়ায় গত সোমবার দুঃখ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তবে ভোটদানে বিরত থাকায় এর এক দিন আগে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এমন অবস্থানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশের অবস্থান নিয়ে কোন দেশ খুশি হলো, কিংবা কোন দেশ নাখোশ হলো—এ নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।’