ক্রিমের কৌটায় ইয়াবা!
ক্রিমের ছোট ছোট কৌটা। খুললেই ক্রিম। কিন্তু এ ক্রিমের আড়ালেই আছে ইয়াবা!
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-২) কর্মকর্তারা এমন তথ্য দিয়ে জানান, গতকাল শনিবার ধানমন্ডি এলাকা থেকে এ ধরনের অনেকগুলো কৌটার ভেতর থেকে তাঁরা ১৩ হাজার ইয়াবা উদ্ধার করেছেন। এ ঘটনায় আটক করেছেন হারুনুর রশিদ (২৮) নামের এক যুবককে।
র্যাব-২-এর অধিনায়ক আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, বেলা আড়াইটার দিকে ধানমন্ডির আবাহনী মাঠসংলগ্ন একটি ভবনের নিচতলা থেকে ইয়াবাসহ হারুনকে আটক করা হয়। হারুন একজন ইয়াবা ব্যবসায়ী। টেকনাফ থেকে একজন ক্রিমের কৌটায় ভরে ইয়াবাগুলো কুরিয়ার সার্ভিসে তাঁর কাছে পাঠিয়েছেন।
র্যাব কর্মকর্তা বলেন, ক্রিমের কৌটাগুলো পলিথিন সদৃশ বস্তু দিয়ে মোড়ানো। ঢাকনা খুললেই ক্রিম। তবে এ ক্রিম আছে কৌটার এক-তৃতীয়াংশ জুড়ে। কিন্তু নিচে অসংখ্য ইয়াবা। এভাবে বেশ কয়েকটি কৌটায় কৌশলে ইয়াবাগুলো আনা হয়েছিল। আটক হারুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।