ক্রিসেন্ট লেক কি পরিষ্কার হবে না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়লা–আবর্জনায় ক্রিসেন্ট লেকের পানি হারিয়েছে রং। সেই পানিতে দাপিয়ে বেড়াচ্ছে শিশু–কিশোরেরা l ফাইল ছবি
ময়লা–আবর্জনায় ক্রিসেন্ট লেকের পানি হারিয়েছে রং। সেই পানিতে দাপিয়ে বেড়াচ্ছে শিশু–কিশোরেরা l ফাইল ছবি

ক্রিসেন্ট লেকটি আবর্জনায় ভরা। নোংরা পানি। ঘুরতে আসা মানুষেরাও যেখানে-সেখানে ময়লা ফেলছেন। নষ্ট হচ্ছে পরিবেশ। অনেক দিন ধরেই এ অবস্থা। কিন্তু লেকটির দিকে আরও ভ্রুক্ষেপ নেই। ঘুরতে আসা মানুষের প্রশ্ন, এই লেকটি কি পরিষ্কার হবে না?

বিজয় সরণি থেকে বাঁ দিকে লেক রোড। এ সড়কের উত্তর পাশে চন্দ্রিমা উদ্যান। দক্ষিণে সংসদ ভবন ও এমপি হোস্টেল। চন্দ্রিমা উদ্যানের সঙ্গেই ক্রিসেন্ট লেক। প্রতিদিনই এ উদ্যান ও লেকে ঘুরতে আসা মানুষের ভিড় থাকে।

গতকাল শুক্রবার বিকেলে গিয়ে দেখা যায়, লেক রোডের শুরুর দিকের অংশে পানি নেই। জায়গাটি স্যাঁতসেঁতে হয়ে আছে। নানা ধরনের ময়লা-আবর্জনায় ভরা। সামনের দিকে এগোলে দেখা যায়, পানির ওপরে ময়লা ভাসছে। শোলার টুকরা অংশ লেকজুড়ে। এমন কোনো আবর্জনা নেই, যা পাওয়া যাবে না এখানে। এই পানির মধ্যেই অনেকে গোসল করছেন।

গতকাল বিকেলে রিয়াদ হক পরিবার নিয়ে ঘুরতে এসেছেন। লেকের নোংরা অবস্থা দেখে বিরক্তি প্রকাশ করলেন। তিনি বলেন, ‘অনেক দিন পর আসলাম। কিন্তু লেকটার অবস্থা তো খুবই খারাপ। কেউই কি দেখার নেই?’

পানির রং সবুজ হয়ে গেছে। শেওলা আর ময়লায় একাকার। যতটুকু দেখা যায়, ময়লা জমে আছে পানির নিচেও। ব্রিজের নিচের অংশে ময়লা জমে স্তূপ হয়ে আছে। গাছের শুকনা পাতায় ছেয়ে গেছে লেকপাড়।

মূল সড়কের পাশের ফুটপাতে সারি ধরে অনেকগুলো গাছ লাগানো। গাছের গোড়ায় গ্রিল দিয়ে বেড়া দেওয়া। তার মধ্যে পড়ে আছে সিগারেট, বিস্কুট, প্লাস্টিকের বোতল, কাগজের খোসাসহ নানা ধরনের আবর্জনা। নিরাপত্তার দায়িত্বে থাকা একজনকে জিজ্ঞেস করলে বললেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।

নানান বয়সী মানুষ এখানে ঘুরতে আসেন। ভ্রাম্যমাণ খাবার বিক্রেতাদের কাছ থেকে তাঁরা খাবার কেনেন। গতকাল ঘণ্টা খানেক অবস্থান করে দেখা যায়, অধিকাংশ দর্শনার্থীই ময়লা ফেলছেন লেকের পাড়ে। যেন ওটাই ডাস্টবিন। কেউ কেউ পানির বোতল ছুড়ে মারছেন লেকের ভেতরে। এভাবে লেকের ময়লা ফেলার ব্যাপারে কয়েকজনকে জিজ্ঞেস করলে তাঁরা বলেন, লেকটা আগে থেকেই নোংরা। তাই তাঁরা সেখানে ফেলছেন।

গণপূর্ত অধিদপ্তরের শেরেবাংলা নগরের উপবিভাগীয় প্রকৌশলী রাশেদ আহসান লেকের পরিচ্ছন্নতা নিয়ে বলেন, ‘আমাদের লোকবল কম। তবু টাইম টু টাইম পরিষ্কার করা হয়।’ তিনি আরও বলেন, পানি কম থাকায় সমস্যা হচ্ছে। গোসল করার ওপর নিষেধাজ্ঞা আছে। কিন্তু নিরাপত্তাকর্মী কম থাকায় সব সময় দেখা সম্ভব হয় না। সাম্প্রতিক অবস্থার বিষয়ে খোঁজ নেবেন।