ক্রিস্টিনাকে সন্তানসহ দেশে যেতে বাধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানসহ নিজ দেশে যেতে বাধা দেওয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকার ক্রিস্টিনা জেইল পিটারসনকে। এই নারী বাংলাদেশের বগুড়া শহরের এক ব্যক্তির স্ত্রী। এ ব্যাপারে ক্রিস্টিনা বগুড়া সদর থানায় মৌখিক অভিযোগ জানালে গতকাল শনিবার রাতে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। গতকাল সন্ধ্যায় বগুড়া সদর থানায় ক্রিস্টিনা এই প্রতিবেদককে জানান, বগুড়া শহরের ঠনঠনিয়া হাজিপাড়ার মোখলেছুর রহমানের ছেলে ইনছান আলীর সঙ্গে তাঁর বিয়ে হয় ছয় বছর আগে দক্ষিণ আফ্রিকায়। সে সময় ইনছান আলী সেখানে কর্মরত ছিলেন। ইনছান আলী আট বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করেন। বিয়ের আগে তাঁর নাম ছিল ক্রিস্টিনা জেইল পিটারসন। মুসলিম ধর্ম গ্রহণ করার পর তাঁর নাম রাখা হয় লায়লা। বিবাহিত জীবনে তাঁদের দুটি ছেলেসন্তান রয়েছে। বড় ছেলে সালমানের বয়স পাঁচ বছর। ছোটটির নাম শাহরিয়ার। বয়স চার বছর। আট মাস আগে তাঁরা বাংলাদেশে এসেছেন এবং বগুড়া শহরের ঠনঠনিয়া হাজিপাড়ায় তাঁর শ্বশুরবাড়িতে রয়েছেন। সন্তানদের নিয়ে তিনি এখন দেশে ফিরতে চান। বিষয়টি বার বার তিনি স্বামীকে বললেও ইনছান জানিয়ে দিয়েছেন, তাঁকে যেতে হবে সন্তান ছাড়া।ক্রিস্টিনা জানান, স্বামী আগে এ দেশে আরেকটি বিয়ে করেছেন বলে তিনি জানতে পেরেছেন। এসব নিয়ে বাগিবতণ্ডা হয়েছে। বিষয়টি শুক্রবার পুলিশকে জানানো হয়। ইনছান আলী এই প্রতিবেদককে বলেন, তাঁর স্ত্রী যেসব অভিযোগ করেছে তা ঠিক নয়। স্ত্রীকে তিনি বলেছেন, জানুয়ারি মাসে সেখানে ব্যবসা ভালো হবে, তখন যাওয়া যাবে। বগুড়ার সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, ওই নারী সন্তানসহ যেতে চাইলে তাঁকে যেতে দিতে হবে। তাঁদের নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।