ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল রোববার সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আয়োজিত ৪৬তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত থাকলে শিক্ষার্থীরা জঙ্গি ও সন্ত্রাসবাদ থেকে দূরে থাকবে। তিনি আরও বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্তি থেকে আমাদের ছেলেমেয়েদের দূরে থাকতে হবে। কাজেই সেইভাবে সচ্চরিত্রের আদর্শবান হয়ে বাংলাদেশকে যেন আগামী দিনে নেতৃত্ব দিতে পারে, আমাদের আজকের ছেলেমেয়েদের সেভাবেই নিজেদের গড়ে তোলার আহ্বান জানাই।’
প্রধানমন্ত্রী এ সময় শুধু লেখাপড়ায় শিক্ষার্থীদের ব্যস্ত না রাখার জন্য শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘যাঁরা শিক্ষক তাঁদের আমি বলব, তাঁরা এদিকে আরও মনোযোগী হবেন। শুধু সারা দিন যদি ওই “পড়”, “পড়”, “পড়”—বলতে থাকেন তাহলে এটা কারোই ভালো লাগে না।’
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে প্রায় এক বছর ধরে নিজ প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে যারা এই জাতীয় পর্যায়ে উঠে এসেছে তাদের সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘আমি সত্যিই অনেক আনন্দিত কারণ এই প্রতিযোগিতার মধ্য দিয়ে অনেক মেধাবী ক্রীড়াবিদ উঠে আসবে। যারা পর্যায়ক্রমে আন্তর্জাতিক পর্যায়েও তাদের সাফল্যের স্বাক্ষর রাখতে পারবে।’
উল্লেখ্য, সারা দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও করিগরি-সম্পর্কিত ১৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০৮ জন ক্রীড়াবিদ নিয়ে ১৬ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে এই প্রতিযোগিতা শুরু হয়। ৪৪৪ জন ছেলে এবং ৩৪৪ জন নারী ক্রীড়াবিদ এবারের প্রতিযোগিতায় অ্যাথলেটিকস, হকি, ভলিবল, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, টেবিল টেনিসসহ মোট ৭টি আইটেমে ৪২টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন।