ক্রীতদাস নয়, মানুষ হিসেবে বাঁচতে চাই: ড. ইউনূস
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা ক্রীতদাসের মতো বাঁচতে চাই না, মানুষ হিসেবে বাঁচতে চাই। বিশ্বের দরবারে মানুষ হিসেবে পরিচয় দিতে চাই।’
আজ সোমবার রাজধানীর একটি হোটেলে সাভারে ভবনধসজনিত দুর্ঘটনা নিয়ে আয়োজিত জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। এটি গৌরববোধ করার মতো একটি বিষয়। তিনি বলেন, দেশের পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৪০ লাখ নারী শ্রমিক আধুনিক বাংলাদেশের ভিত্তিস্থাপন করছেন। তাই তাঁদের কথা ভুলে গেলে চলবে না। ভবিষ্যত্ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে এই ভিত্তি আরও শক্ত করতে হবে। তাঁদেরকে আধুনিক মানুষ হওয়ার সুযোগ দিতে হবে। সঠিক মজুরি দিতে হবে। আমাদের সুযোগ রয়েছে। আমরা এটা করতে পারি। তাঁদেরকে এমন মজুরি দিতে হবে তাঁরা যেন মানুষ হিসেবে বসবাস করতে পারে, ক্রীতদাস হিসেবে নয়। বিশ্বের দরবারে যেন আমরা বলতে পারি, আমরা ক্রীতদাসের মতো বেঁচে থাকতে চাই না। আমরা মানুষ হিসেবে বাঁচতে চাই।
সাভারে দুর্ঘটনার বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা এমন সময় এখানে আলোচনা করছি, যখন সাভারের রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে শ্রমিকদের লাশ বের করে আনা হচ্ছে। এটি এমন একটি ঘটনা যা আমাদের মন থেকে মুছে ফেলতে পারব না। আমাদের চোখের সামনে এমন ঘটনা ঘটেছে যা ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে পারব না। এরপরও আমাদের বোধোদয় না হলে ধিক আমাদের বোধকে। এতটুকু শক্তি কি আমাদের নেই যে, এমন ঘটনা আর ঘটতে দেব না? আমরা কি মেনে নেব একটির পর একটি এমন ঘটনা ঘটতে থাকবে?
ড. ইউনূস বলেন, এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। এ ঘটনার জন্য আমরা সবাই দোষী। আমরা যদি দোষ মেনে নেই, আত্মসমালোচনা করি; তাহলেই আমরা শুদ্ধ হতে পারতাম। তাই কাউকে দোষ না দিয়ে, কারও জন্য বসে না থেকে সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান তিনি।
ড. ইউনূস আরও বলেন, আমরা পোশাক শিল্প, পোশাক কারখানার শ্রমিক ও বাংলাদেশকে রক্ষা করতে চাই। এই তিনটিই একসঙ্গে রক্ষা করতে হবে। সংহতিপূর্ণ জাতি হিসেবে আমাদের গড়ে উঠতে হবে।
পাওয়ার অ্যান্ড পারটিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) উদ্যোগে এই জাতীয় সংলাপের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পিপিআরসির চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
সংলাপে আলোচনায় অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, অধ্যাপক রেহমান সোবহান, গোলাম কাদের, মাহবুবুর রহমান, জামিলুর রেজা চৌধুরী, মাহমুদুল হক, শিরিন আক্তার, নাসির উদ্দিন, ওয়াজেদুল ইসলাম খান, ইউরোপীয় ইউনিয়নের ফার্স্ট সেক্রেটারি অ্যান্ড্রু বারনার্ড, স্থপতি মোবাশ্বার হোসেন, মোস্তাফিজুর রহমান, বিজিএমইএর সাবেক সভাপতি মহিউদ্দিন, মামুনুর রশিদ, সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান মো. এনামুর রহমান, জাফর উল্লাহ চৌধুরী, নাজমা আক্তার, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম প্রমুখ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি এম এ তসলিম।