ক্রীড়া অনুষ্ঠান বন্ধ করে দিলেন ছাত্রলীগ নেতা
ছাত্রলীগের এক নেতা জয়পুরহাট সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন। আমন্ত্রণ না জানানোয় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গত বুধবার অনুষ্ঠানটি বন্ধ করে দেন বলে অভিযোগ রয়েছে।
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু আগের দিন বেলা তিনটার দিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক কয়েকজন সহযোগী নিয়ে কলেজে যান। পরে তিনি একা অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন। অধ্যক্ষের কাছে জানতে চান কেন এই অনুষ্ঠানে ছাত্রলীগের নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি? একপর্যায়ে তিনি এ অনুষ্ঠান বন্ধ থাকবে বলে শাসিয়ে চলে আসেন। এই পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যায় শিক্ষকদের নিয়ে সভা করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।
জানতে চাইলে অধ্যক্ষ মো. মোজাফ্ফর হোসেন বলেন, কলেজের ঘরোয়া পরিবেশে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এতে কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু আবু বক্কর সিদ্দিক তাঁর কাছে এসে অনুষ্ঠান বন্ধ করতে বলেন। পরে শিক্ষকদের নিয়ে সভায় অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেন।
তবে আবু বক্কর বলেন, কলেজের এক ছাত্রী ফেসবুকে বাজে মন্তব্য করেন। এ নিয়ে তিনি ওই ছাত্রীর সঙ্গে কথা বলতে যান। কিন্তু তাঁকে কথা বলতে দেওয়া হয়নি। এ কারণে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।