ঢাকার আশুলিয়ার কোন্ডলবাগে অনুষ্ঠিত হয়েছে পিকার্ড কমিউনিটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গত বুধবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানীর উদয়ন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামলী নাসরিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জার্মানির চামড়াজাত সামগ্রী তৈরির প্রতিষ্ঠান পিকার্ড লেডারওয়ারেনের ব্যবস্থাপনা পরিচালক থমাস পিকার্ড। সভাপতিত্ব করেন পিকার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি সায়ফুল ইসলাম।
বিদ্যালয়টি পরিচালিত হয় পিকার্ড বাংলাদেশের তত্ত্বাবধানে। গত বছর জানুয়ারি মাসে বিশমাইল-জিরাব সড়কের পাশে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১০৩ জন। এদের অধিকাংশই প্রতিষ্ঠানটিতে কর্মরত শ্রমিকদের ছেলেমেয়ে। বর্তমানে স্কুলটিতে প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু কুমার সরকার বলেন, গত জানুয়ারি মাসের শেষের দিকে বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ১২টি খেলায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে বুধবার আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে থমাস পিকার্ড বলেন, এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা গণিত, ইংরেজি ও বিজ্ঞানে পরদর্শী হয়ে উঠবে। তারা (শিক্ষার্থী) একদিন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।