ক্রীড়া সংগঠক মাহবুব হামিদকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় স্কুলছাত্র মাশুক ফেরদৌস হত্যা মামলায় শহরের মাটিডালি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, মাটিডালি ক্রীড়া চক্র ও জেলা খেলাঘর আসরের সভাপতি মাহবুব হামিদকে জড়ানোর প্রতিবাদে এককাট্টা বগুড়ার নানা পেশাজীবী সংগঠন। তারা এ মামলাকে ‘সাজানো ও ষড়যন্ত্রমূলক’ আখ্যায়িত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এ দাবিতে গতকাল বুধবার শহরের সাতমাথায় মানববন্ধন ও সমাবেশ করেন তাঁরা।
বগুড়া জেলা খেলাঘর আসরের আয়োজনে বেলা ১১টায় শহরের সাতমাথায় অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলা খেলাঘর আসর ছাড়াও মৌমাছি খেলাঘর আসর, রক্তটিকা খেলাঘর আসর, স্বপনরাঙ্গা খেলাঘর আসর, ভোরের পাখি খেলাঘর আসর, ডাগুলী খেলাঘর আসর, উদীচী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া থিয়েটার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, সচেতন নাগরিক কমিটি (সনাক), মাটিডালি ক্রীড়া চক্রসহ নানা সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী ব্যক্তিরা অংশ নেন।
স্কুলছাত্র মাশুক ফেরদৌস জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইমদাদুল হকের ছেলে এবং শহরের এসওএস হারম্যান মেইনার কলেজের নবম শ্রেণির ছাত্র। ১৩ মে সন্ধায় শহরের মাটিডালি হাজিপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে মাশুককে হত্যা করা হয়।
এ ঘটনায় মাশুকের বাবা ইমদাদুল হক বাদী হয়ে মাটিডালি উচ্চবিদ্যালয়ের সভাপতি মাহবুব হামিদ এবং তাঁর ছোট ভাই শহরের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেজবাহুল হামিদসহ ১৬ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।
মামলায় মাহবুব হামিদ ও তাঁর ছোট ভাই মেজবাহুল হামিদকে হত্যার পরিকল্পনাকারী এবং হত্যাকাণ্ডেও অংশ নেওয়ার কথা উল্লেখ করা হয়।
এর মধ্যে ১৮ মে বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. কামরুজ্জামানের আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি দেয় হত্যা মামলার অন্যতম আসামি নাঈম নামে আরেক স্কুলছাত্র। স্বীকারোক্তিতে উল্লেখ করা হয়, মারধর খাওয়ার প্রতিশোধ নিতেই মাশুককে হত্যার পরিকল্পনা করা হয়। এরপর কফির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানোর পর লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
তবে নাঈমের এই স্বীকারোক্তিকে প্রত্যাখ্যান করে জেলা জাসদ আগামী শুক্রবার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শহরের সাতমাথায় সমাবেশ ডেকেছে। সেখানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শিরীন আখতারসহ জাসদের কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা জানিয়ে দুদিন থেকে শহরে মাইকিং চলছে।
জাসদের এই সমাবেশকে সামনে রেখে গতকাল মাহবুব হামিদের পক্ষে শহরের নানা পেশাজীবী সংগঠন মানববন্ধন ও সমাবেশ করে।
খেলাঘর বগুড়া জেলা কমিটির সহসভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মাশুক হত্যার মতো এমন বর্বর ঘটনায় মাহবুব হামিদ ও তাঁর পরিবার জড়িত থাকতে পারে না। তাঁদের সুনাম নষ্ট করতে রাজনৈতিক উদ্দেশ্যে তাঁদের মাশুক হত্যা মামলায় ফাঁসানো হয়েছে।