ক্রীড়া সংগঠকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে সরকারি অনুদান ও টেস্ট রিলিফের চার লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে আদালতে সার্টিফিকেট মামলা করেছে সংস্থাটি।
গতকাল রোববার জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংস্থার বর্তমান সদস্যসচিব আতাউল হাকিম এ কথা বলেন। এ সময় ক্রীড়া সংস্থার অন্য নেতারাও ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আতাউল হাকিম বলেন, আত্মসাৎ করা চার লাখ টাকা ফেরতের জন্য সাবেক সাধারণ সম্পাদককে লিখিতভাবে বহুবার জানানো হয়। কিন্তু তিনি টাকা ফেরত না দিয়ে আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন। পরে গত বছরের ৩০ জুন তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হেমায়েত হোসেন এক নিরীক্ষা প্রতিবেদনে বলেন, সাবেক সাধারণ সম্পাদক ক্রীড়া মন্ত্রণালয় থেকে অনুদানের দুই লাখ টাকার চেক ও টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের নগদ দুই লাখ টাকা সংস্থার ব্যাংক হিসাবে জমা দেননি। ওই টাকার কোনো হিসাবও পাওয়া যায়নি।
এ ছাড়া স্টেডিয়ামের গ্যালারির নিচে ছয় লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে নির্মিত দোকানঘর পিপিআর অ্যাক্ট ২০০৮ না মেনে করা হয়েছে।
আতাউল হাকিম বলেন, ম্যাজিস্ট্রেটের ওই নিরীক্ষা প্রতিবেদনে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সালেহ উদ্দিন আহমেদকে কালো তালিকাভুক্ত করে ১২ বছরের জন্য তাঁর সদস্যপদ বাতিল করা হয়। আত্মসাৎ করা অর্থ উদ্ধারের জন্য গত ৩ মার্চ তাঁর বিরুদ্ধে তিনি আদালতে সার্টিফিকেট মামলা করেন।
এ ব্যাপারে সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘টিআর প্রকল্পের প্রাপ্ত দুই লাখ ও সরকারি অনুদানের দুই লাখ টাকা আত্মসাৎ করা হয়নি। সেই টাকা ক্রীড়া সংস্থার উন্নয়নে ব্যয় করা হয়েছে। ক্রীড়া সংস্থার তৎকালীন সভাপতি ও জেলা প্রশাসক বেঞ্জামিন হেমব্রম স্বাক্ষরিত সেই অর্থ ব্যয়ের অনুমোদন ও প্রমাণাদি আছে। ফলে আমার বিরুদ্ধে সংস্থার বর্তমান কমিটির অভিযোগ ষড়যন্ত্রমূলক।’
এ বিষয়ে সংস্থার বর্তমান সভাপতি জেলা প্রশাসক মাহমুদ হোসেন বলেন, ‘ম্যাজিস্ট্রেটের নিরীক্ষা প্রতিবেদন ও সংস্থার কার্যবিরণী অনুযায়ী সাবেক সম্পাদক কর্তৃক চার লাখ টাকা আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয়েছে। এ নিয়ে আদালতে মামলা হয়েছে। এখন সাবেক সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ অর্থ আত্মসাৎ করেছেন কি না, তা আদালতেই প্রমাণিত হবে।’