ক্রীড়া সংস্থা ও নেতাদের মধ্যে দোকান ভাগাভাগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল স্টেডিয়াম মার্কেটের ৪৭টি দোকান ক্রীড়া জেলা সংস্থার কার্যকরী পরিষদের ২৮ সদস্য ও সরকারদলীয় নেতাদের নামে বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) টাঙ্গাইল জেলা শাখার সহসভাপতি বাদল মাহমুদ এ প্রসঙ্গে বলেন, স্বচ্ছতার সঙ্গে লটারির মাধ্যমে দোকানগুলো বরাদ্দ হলে অনেক লোক লটারিতে অংশ নিতে পারতেন। এতে ক্রীড়া সংস্থাও লাভবান হতো। এভাবে নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নেওয়াটা ঠিক হচ্ছে না।
জেলা ক্রীড়া সংস্থা সূত্র জানায়, জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে টাঙ্গাইল স্টেডিয়ামের কিছু অংশে নতুন করে গ্যালারি নির্মাণ করা হয়। গ্যালারির নিচে ৪৭টি দোকান তৈরি করা হয়। গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ক্রীড়া সংস্থার সভায় সংস্থার প্রত্যেক সদস্যের নামে একটি করে দোকান বরাদ্দের সিদ্ধান্ত হয়। কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন এবং সহসভাপতি পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীর ব্যক্তিগতভাবে দোকান নিতে অনিচ্ছা প্রকাশ করেন। তখন তাঁদের কোটার দোকান দুটির মধ্যে একটি কালেক্টরেট কল্যাণ সমিতি এবং অপরটি পুলিশ কল্যাণ সমিতির নামে বরাদ্দের সিদ্ধান্ত হয়। এ ছাড়া জেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার নামে ১০টি এবং কয়েকজন সাংসদ ও তাঁদের প্রতিনিধিদের নামে বাকি দোকান বরাদ্দের সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত একাধিক সদস্য জানান, কমিটিতে থাকা সংস্থার সরকারদলীয় ব্যক্তিরা এ সিদ্ধান্ত নিতে সভাকে প্রভাবিত করেন।
সংস্থার সাধারণ সম্পাদক এস হাসান ফিরোজ জানান, দোকান বরাদ্দের বিষয়ে সভায় আলোচনা হয়েছে। সভার কার্যবিবরণী পাস হওয়ার পর তিনি জানাবেন কার নামে কয়টি দোকান বরাদ্দ হয়েছে।
পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীর জানান, দীর্ঘদিন ধরেই স্টেডিয়াম মার্কেটের দোকানগুলো বরাদ্দের বিষয়টি যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় ছিল। রোববারের সভায় বিষয়টি আলোচিত হয় এবং কমিটির সদস্যদের মধ্যে দোকান বরাদ্দের সিদ্ধান্ত হয়।
দোকান বরাদ্দ পেতে ইচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, তাঁরা এ অবৈধ বরাদ্দ প্রক্রিয়ার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। কারণ, এ প্রক্রিয়ার সঙ্গে সরকারি দলের প্রভাবশালী নেতারা জড়িত।
সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, স্টেডিয়ামে নবনির্মিত দোকান বরাদ্দের ব্যাপারে ইতিপূর্বের সভাগুলোতে যে আলোচনা হয়েছিল, তার ধারাবাহিকতায় এ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৮ সদস্যবিশিষ্ট জেলা ক্রীড়া সংস্থার কমিটির পদাধিকারবলে জেলা প্রশাসক সভাপতি, পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সহসভাপতি এবং জেলা ক্রীড়া কর্মকর্তা সদস্য হিসেবে রয়েছেন। বাকি সবার সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার কথা। কিন্তু টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা সরাসরি ভোটে গঠিত হয়নি। জেলায় আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাবশালী সাংসদ আমানুর রহমান খান ও তাঁর ভাইয়েরা কাউকে নির্বাচনে মনোনয়নপত্র কিনতে দেননি। পরে তাঁরা তাঁদের মনোনীত ব্যক্তিদের ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ নির্বাচন করিয়ে নেন। সেই কমিটিতে টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ ছানোয়ার হোসেন, নারী সাংসদ মনোয়ারা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ছাড়াও সাংসদ আমানুরের দুই ভাই ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান এবং ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান আছেন। কমিটির অধিকাংশ সদস্য খান পরিবারের অনুগত হলেও বিএনপি-সমর্থিত দু-একজনকে নেওয়া হয়েছিল। খান পরিবারের হস্তক্ষেপে গঠিত এ কমিটি ২০১২ সালের ২৯ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করে।