ক্রীড়া সংস্থার আয়োজনে আদালতের আদেশের কার্যকারিতা স্থগিত
ময়মনসিংহের নান্দাইল উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনের ওপর উচ্চ আদালতের দেওয়া আদেশের কার্যকারিতা গতকাল মঙ্গলবার স্থগিত করেছেন হাইকোর্টের চেম্বার আদালত।সংস্থাটির সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন গতকাল আগের আদেশের বিরুদ্ধে একটি আপিল আবেদন করলে চেম্বার আদালতে এর শুনানি হয়। শুনানি শেষে চেম্বার আদালতের বিচারক সৈয়দ মাহমুদ হোসেন এ স্থগিতাদেশ দেন।স্থগিতাদেশে বলা হয়, উপজেলা ক্রীড়া সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের সাধারণ শাখা থেকে ১১টি শর্ত আরোপ করে গ্রাম্য সংস্কৃতি যাত্রা ও সার্কাস প্রদর্শনী আয়োজনের যে অনুমতি দেওয়া হয়েছিল, শুধু সেই কার্যক্রম পরিচালনা করা যাবে। প্রদর্শনী আয়োজনের ক্ষেত্রে কোনো প্রচার ও শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে রফিকুল ইসলাম এ বিষয়ে হাইকোর্টে একটি রিট করেন। ওই রিটে তাঁর দাবি ছিল, ক্রীড়া সংস্থা গ্রাম্য সংস্কৃতি আয়োজনের অনুমতি এনে এর আড়ালে নানা প্রকার জুয়া ও অশ্লীল কার্যক্রম পরিচালনা করায় সমাজে এর নেতিবাচক প্রভাব পড়ছে।গত রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের বেঞ্চ রিটের শুনানির পর সব ধরনের জুয়া ও অশ্লীল কার্যক্রম বন্ধের জন্য উপজেলা ক্রীড়া সংস্থাকে নির্দেশ দেন। এ ছাড়া অবৈধ কার্যক্রম পরিচালনা করার কারণে শাহাব উদ্দিনসহ আটজন বিবাদীর প্রতি রুল জারি করা হয়।এদিকে গতকাল বিকেলে নান্দাইল ও ঈশ্বরগঞ্জ এলাকায় মাইকিং করে হাউজির প্রচারণা চালানো হয়েছে বলে এলাকার লোকজন জানিয়েছেন।নান্দাইল ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন গ্রাম্য সংস্কৃতি যাত্রাপালা ও সার্কাস আয়োজনের জন্য আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের সাধারণ শাখা থেকে ১১টি শর্ত আরোপ করে তা অনুমোদন করা হয়। ১ নভেম্বর রাত থেকে উপজেলার গাংগাইল গ্রামে এই সাংস্কৃতিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।