ক্রীড়া সংস্থার আয়োজনে হাউজি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা ক্রীড়া সংস্থার তহবিল সংগ্রহের নামে মাদারীপুর স্টেডিয়ামে হাউজি খেলা চলছে। অভিযোগ উঠেছে, তহবিল সংগ্রহের নামে সংস্থার কতিপয় কর্মকর্তার পকেট ভারী করার জন্যই এই আয়োজন। জেলা ক্রীড়া কর্মকর্তা শামসুল আজীম বলেন, ‘স্টেডিয়ামে যে হাউজি খেলা চলছে, সেটা আমি শহরে মাইকিং থেকে জেনেছি। তবে হাউজি খেলার অনুমতির বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয় থেকে কোনো কাগজপত্র আমি পাইনি। আর জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি পুলিশ সুপার নজরুল হোসেন এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে হাউজি খেলা। জেলা ক্রীড়া সংস্থা বলছে, এই হাউজি খেলা বৈধ এবং ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতিপ্রাপ্ত। তবে নাম প্রকাশে অনিচ্ছুক জেলার একাধিক ব্যক্তি বলেন, ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে তহবিল সংগ্রহের নামে কিছু ব্যক্তির পকেট ভারী করার জন্যই চলছে এই হাউজি খেলা। মাদারীপুর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সুজিত চ্যাটার্জি বলেন, ‘যতটুকু জেনেছি, মাদারীপুরের এই হাউজি খেলার কোনো অনুমতি ও বৈধতা নেই। এ ছাড়া আমাদের দেশের আইনেও হাউজি খেলা অবৈধ।’জেলা ক্রীড়া সংস্থার দাপ্তরিক কাজের দায়িত্বে থাকা কার্যকরী সদস্য শহীদুজ্জামান বলেন, ‘দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা হাউজি খেলার আয়োজন করছে। একইভাবে গত মাসে মাদারীপুরে এটা চালু করা হয়েছে। তিনি বলেন, ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতিই আছে যে, জেলার ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনে হাউজি খেলার মাধ্যমে তহবিল সংগ্রহ করা যাবে।’ তবে কী পরিমাণ তহবিলের জন্য হাউজি খেলার আয়োজন করা হয়েছে এবং তা কত দিন চলবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তহবিলের পরিমাণ ও হাউজি খেলার সময়সীমা নির্দিষ্ট করা হয়নি। এটা আনলিমিটেড।’জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নূর-উর-রহমান বলেন, ‘আমি গত ২৮ জুন জেলায় যোগদান করেছি। এখনো অনেক কিছু গুছিয়ে নিতে পারিনি; জেলার অনেক কিছুই সেভাবে জানি না। জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে যে হাউজি খেলা চলছে, তা কতটুকু বৈধ, বিষয়টি আমি বিস্তারিতভাবে জেনে দেখি।’