একজন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নিজের নামে গড়া শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, আরেকজন ছাত্রলীগের নেতা। এমন লোকজন নিয়ে মাগুরার মহম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত হয়েছে। কেউই ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত নন। তবে নামের পাশে শোভা পাচ্ছে ‘ক্রীড়াবিদ’।
মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ ১৬ মার্চ মহম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি করে। পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি গত রোববার মহম্মদপুরে পৌঁছায়। সোমবার বিষয়টি প্রচার হলে উপজেলার ক্রীড়াঙ্গনে সমালোচনার ঝড় ওঠে।
অ্যাডহক কমিটির সদস্য হিসেবে আছেন মহম্মদপুর বীরেন শিকদার আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান। তিনি সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমি ক্রীড়ার সঙ্গে জড়িত নই। তবে প্রতিষ্ঠানপ্রধান হিসেবে আমাকে রাখা হয়েছে। ৯ এপ্রিল বিকেলে ইউএনও কার্যালয় থেকে চিঠি পেয়েছি।’
সাত সদস্যবিশিষ্ট এ অ্যাডহক কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পদাধিকার বলে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য পাঁচ সদস্য হলেন, মহম্মদপুর কৃষি ব্যাংকের কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান (নান্নু), মহম্মদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার দাস, মহম্মদপুর উপজেলা সদরের বাসিন্দা তরুণ কুমার গুহ (পিকিং), মহম্মদপুরের এক আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত সহকারী, মো. শাহিন সরদার ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ঈদুল শেখ। ইউএনও, অধ্যক্ষ ও প্রধান শিক্ষক বাদে চিঠিতে বাকি চারজনের নামের পাশে ‘ক্রীড়াবিদ’ লেখা আছে।
ক্রীড়া-সংশ্লিষ্ট স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, অ্যাডহক কমিটির সদস্যদের নামের পাশে ক্রীড়াবিদ লেখা হলেও তাঁরা কেউই ক্রীড়াবিদ নন। শুধু মোস্তাফিজুর রহমান ও তরুণ কুমার গুহ ছাত্রজীবনে ফুটবল খেলতেন।
মহম্মদপুর ক্রীড়া সংস্থার দীর্ঘদিনের সাধারণ সম্পাদক (সদ্য সাবেক) মো. মিজানুর রহমান (কাবুল) প্রথম আলোকে বলেন, ক্রীড়ার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই, এমন লোকজন নিয়ে ক্রীড়া সংস্থার কমিটি গঠনের বিষয়টি ‘নোংরা রাজনীতির ফসল’। তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ক্রীড়ার সঙ্গে জড়িত। মহম্মদপুর উপজেলা কাবাডি দলের ম্যানেজার। আমার দল জেলা চ্যাম্পিয়ন হয়েছে। নারায়ণগঞ্জে অনুষ্ঠিত মধুমতি জোনের কাবাডি খেলায় আমরা চ্যাম্পিয়ন হয়েছি।...দুঃখ হলো, দীর্ঘদিন ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত থেকেও এখন থেকে বিদায় নিতে হলো নোংরা রাজনীতির কারণে।’
জানতে চাইলে মহম্মদপুরের ইউএনও চৌধুরী রওশন ইসলাম সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। তাই কে ক্রীড়াবিদ বা কে ক্রীড়াবিদ নন, তা জানি না। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পাঠানো অ্যাডহক কমিটি গঠনের চিঠি পেয়েছি। ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।’