ক্রীড়া সংস্থার জমি থেকে অবৈধ পশুর হাট উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ইসদাইরে ওসমানী স্টেডিয়ামের পাশে ক্রীড়া সংস্থার জমি থেকে অবৈধ পশুর হাট উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের উচ্ছেদকারী দল এই অভিযান চালায়।
জেলা ক্রীড়া সংস্থার অধীন ওই খোলা জমিতে ১ সেপ্টেম্বর থেকে অবৈধভাবে বসানো হয় কোরবানির পশুর হাট। সিটি করপোরেশনের ইজারা দেওয়া ১৩টি হাটের মধ্যে এ হাটটির নাম ছিল না। হাটের প্রচারণাপত্রে লেখা হয়েছিল, ‘ইজারাদার ও তত্ত্বাবধানে মহিউদ্দিন বাহার লিটন। হাট পরিচালনায়: গাজী কামাল উদ্দিন।’ এ বিষয়ে গতকাল প্রথম আলোয় ‘ক্রীড়া সংস্থার জায়গায় অবৈধ হাট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
গতকাল সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদের নেতৃত্বে একটি দল সেখানে যায় এবং লোকজনদের সরে যেতে বলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময়ে হাটের লোকজনদের পক্ষে অবস্থান নেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির। তখন তাঁর সঙ্গে সিটি করপোরেশন কর্মীদের বাগ্বিতণ্ডা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মহিউদ্দিন বাহার ও গাজী কামাল হোসেন। পরে বেলা একটার দিকে পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান শুরু হয়।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা আলমগীর হিরণ বলেন, সিটি করপোরেশন এখানে হাট বসাতে অনুমতি দেয়নি। এ কারণেই এটা উচ্ছেদ করা হয়েছে।
অবৈধ হাট উচ্ছেদে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে ফাতেমা মনির বলেন, ‘আমি বলেছি, যদি এই হাট সিটি করপোরেশনের ভেতরে এবং অবৈধ হয়ে থাকে, তাহলে যেন অন্তত এক দিন সময় দেওয়া হয়। এতে ব্যাপারীদের গরু সরিয়ে নিতে পারবেন।’
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল জানান, সিটি করপোরেশন হাটটি উচ্ছেদ করেছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল।
বন্দরেও অবৈধ হাট: বন্দরে ২২ নম্বর ওয়ার্ডের ১ নম্বর খেয়াঘাটের উত্তর পাশে শীতলক্ষ্যা নদী-সংলগ্ন বিআইডব্লিউটিএর জমির (ময়মনসিংহ পট্টি হিসেবে পরিচিত) পূর্বদিকের একটি প্লটে অবৈধভাবে পশুর হাট বসানোর তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে স্থানটিতে হাট বসানোর উদ্দেশ্যে বাঁশের খুঁটি পোঁতা হয়েছে।
এ বিষয়ে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হাবিব জানান, হাট বসানোর অনুমতি দেবে সিটি করপোরেশন। অনুমতি ছাড়া কেউ অবৈধভাবে হাট বসিয়ে থাকেন, তাহলে সেটি উচ্ছেদ করা হবে।