ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে বেসরকারি পৃষ্ঠপোষকতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে সরকারের পাশাপাশি ক্রীড়ামোদী, শিল্পপতি ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন, বেসরকারি পৃষ্ঠপোষকতা এই খাতের অগ্রগতিতে আরও সহায়ক হবে। গতকাল বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরস্কার ২০০৮ ও ২০০৯ প্রদান অনুষ্ঠানে বক্তৃতা করার সময় তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ভাষার যুদ্ধে জয়ী হয়েছি। আমাদের প্রাণের ভাষা বাংলা আজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ঠাঁই পেয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, ক্রীড়াক্ষেত্রেও বাংলাদেশকে আমরা বিশ্বের মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারব।’শেখ হাসিনা বলেন, তাঁর সরকার দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি হাতে নিয়েছে। তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করে নিয়মিত, নিবিড় ও আনুষ্ঠানিক বিজ্ঞানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির কার্যক্রম চলছে। এ লক্ষ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, তাঁর সরকার খেলাধুলার উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিকভাবে অসচ্ছল ক্রীড়াবিদদের সহায়তার জন্য বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০১১ পাস করেছে। প্রথম পর্যায়ে এই তহবিল ছয় কোটি ২০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে।পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে দেশের খেলাধুলার উন্নয়নে তাঁরা নিজেদের অভিজ্ঞতা ও মেধার সর্বোচ্চ প্রয়োগ ঘটাবেন। তিনি বলেন, ‘একজন ক্রীড়াবিদ খেলাধুলার জন্য তাঁর জীবন ও যৌবনকে উৎসর্গ করেন। কঠোর অনুশীলন ও অধ্যবসায়ের মধ্য দিয়ে একজন ক্রীড়াবিদ নিজেকে যেমন গড়ে তোলেন, তেমনি দেশ ও জাতির জন্য অনেক সম্মান বয়ে আনেন। এসব কৃতী ক্রীড়াবিদ দেশের গৌরব। জাতীয় ক্রীড়া পুরস্কার তাঁদের সম্মানিত করতে রাষ্ট্রীয়ভাবে সবচেয়ে বড় স্বীকৃতি।’আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানসহ আটটি ম্যাচ ও ১১তম সাউথ এশিয়ান গেমসের সফল আয়োজনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের লক্ষ্যে দেশব্যাপী ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন করা হয়েছে। শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন যে ২০১৪ সালে বাংলাদেশ সাফল্যের সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করবে।অনুষ্ঠানে ২০০৯ সালের ১০ জন ও ২০০৮ সালের নয়জন ক্রীড়াবিদকে পুরস্কার দেওয়া হয়। প্রতিটি পুরস্কারে রয়েছে দুই ভরি ওজনের স্বর্ণপদক, ২০ হাজার টাকা ও একটি সনদ। বাসস।