ক্রেডিট কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তার কাছ থেকে ক্রেডিট কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে। গতকাল বুধবার নগরের আগ্রাবাদ বাদামতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নগরের ডবলমুরিং থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। নিটল মোটরস লিমিটেডের চট্টগ্রামের বিক্রয় ও বিপণণ কর্মকর্তা ফেরদৌস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি রংপুর থেকে বদলি হয়ে চট্টগ্রাম নগরে নতুন এসেছি। আগ্রাবাদ বাদামতলী এলাকায় সাদা পোশাক পরিহিত সেলিম উদ্দিনের কাছে জানতে চাই মুরাদপুর ফরেস্ট গেটে কোন বাসে করে যাওয়া যাবে। আমি নতুন লোক বুঝতে পেরে তিনি আমার বিরুদ্ধে অভিযোগ আছে বলে গ্রেপ্তারের ভয় দেখান। একপর্যায়ে জোর করে তাঁর মোটরসাইকেলে তুলে আমার ক্রেডিট কার্ডটি ছিনিয়ে নেন। এরই মধ্যে আমি অফিসে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে বিষয়টি জানাই। একপর্যায়ে আমি চিৎকার দিলে স্থানীয় লোকজন ও আমার অফিসের লোকজন এসে আমাকে উদ্ধার করেন। পরে পুলিশের লোকজনও আসেন।’ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘নিটল মোটরসের প্রধান কার্যালয়ে বিষয়টি জানিয়েছি। অফিসের অনুমতি ছাড়া মামলা করতে পারব না।’ ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম বলেন, ‘ক্রেডিট কার্ড কেড়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি। নিটল মোটরসের ওই কর্মকর্তা ডলার ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর সঙ্গে পুলিশের তর্কাতর্কি হয়েছিল। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’ তিনি বলেন, অভিযোগের সত্যতা মিললে সেলিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেলিমের দাবি, তিনি ক্রেডিট কার্ড কেড়ে নেননি। তাঁর সঙ্গে সামান্য কথা-কাটাকাটি হয়েছিল।