ক্রেডিট কার্ড জালিয়াতিতে ব্যাংক কর্মকর্তা, প্রযুক্তি প্রকৌশলীও জড়িত
দুজন ছিলেন প্রযুক্তি প্রকৌশলী, বাকি দুজন ছিলেন ব্যাংক কর্মকর্তা। ব্যাংকের এটিএম সেবার খুঁটিনাটি জানা এই চারজন একসময় হয়ে গেলেন ক্রেডিট ও ডেবিট কার্ড জালিয়াত। ভুয়া ক্রেডিট ও ডেবিট কার্ড বানিয়ে এটিএম বুথ থেকে তুলে নিয়েছেন বিপুল অঙ্কের টাকা। এ চারজনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুর থেকে রাত নয়টা পর্যন্ত রাজধানীর উত্তরা, গুলশান ও মতিঝিল থেকে ওই জালিয়াত চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন দলনেতা মো. সেলিম (৪২), আরিফ হোসেন খান (৩৮), মঞ্জুরুল হক (৩০) ও আসাদুল ইসলাম (৩০)। তাঁদের কাছ থেকে ক্রেডিট ও ডেবিট কার্ড জালিয়াতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সেলিম ও আরিফ প্রযুক্তি প্রকৌশলী এবং বাকি দুজন সাবেক ব্যাংক কর্মকর্তা। অভিযানে নেতৃত্ব দেন ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান।
অভিযান পরিচালনাকারী ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ক্রেডিট কার্ড জালিয়াত চক্রের গ্রেপ্তার হওয়া চার সদস্যের বিরুদ্ধে গুলশান, উত্তরা, পশ্চিম ও তেজগাঁও থানায় তিনটি প্রতারণার মামলা হয়েছে। এসব মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তেজগাঁও থানায় করা মামলায় গতকাল বুধবার তাঁদের তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। অন্য দুই মামলায় রিমান্ডের আবেদনের শুনানির তারিখ ২৮ জুলাই ধার্য রয়েছে।
অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান গতকাল প্রথম আলোকে জানান, এই চক্রের প্রধান সেলিম জিজ্ঞাসাবাদে জানান, তিনি ১৯৯৫ সালে একটি কম্পিউটার প্রতিষ্ঠানে প্রযুক্তি প্রকৌশলী হিসেবে যোগ দেন। ওই প্রতিষ্ঠানের হয়ে কয়েকটি ব্যাংকের এটিএম সেবার রক্ষণাবেক্ষণ ও দেখাশোনার কাজ করতেন। ওই সূত্রে বিভিন্ন ব্যাংকের ডেটা ভান্ডারে তাঁর প্রবেশাধিকার থাকত। এ সুযোগ কাজে লাগিয়ে তিনি একটি ব্যাংকের তথ্য চুরি করে ভুয়া ক্রেডিট কার্ড বানিয়ে দেড় লাখ টাকা তোলেন। এ ঘটনায় তাঁকে চাকরিচ্যুত করা হয়। পরে তিনি ওই ব্যাংকের এটিএম বুথে ঢুকে কার্ড জালিয়াতির মাধ্যমে টাকা তুলতে চাইলে কর্তব্যরত নিরাপত্তাকর্মীর সঙ্গে তাঁর হাতাহাতি হয়। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে পুলিশে সোপর্দ করে। মশিউর রহমান আরও জানান, জিজ্ঞাসাবাদে সেলিম আরও জানান, গ্রেপ্তার হওয়া অপর তিনজন একসময় তাঁর সহকর্মী ছিলেন। তাঁরা বিভিন্ন ব্যাংকের তথ্য চুরি করে পরস্পর যোগসাজশে ভুয়া ডেবিট ও ক্রেডিট কার্ড বানিয়ে বিভিন্ন এটিএম বুথ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সেলিম ১৯৯১ সালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত তরুণ বিজ্ঞানীদের সম্মেলনে সেরা পুরস্কার পেয়েছিলেন বলে জানিয়েছেন।
ডিবির কর্মকর্তারা বলেন, চক্রের সদস্যরা এটিএম বুথের সিপিইউ থেকে পেনড্রাইভের মাধ্যমে কাস্টমারের তথ্য ও উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরার মাধ্যমে পাসওয়ার্ডের পিনকোড চুরি করেন। কার্ড রিডার এবং রাইটারের মাধ্যমে ল্যাপটপের সহায়তায় সংগৃহীত তথ্য ব্ল্যাংক কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপে ধারণ করে নতুন কার্ড তৈরি করেন। পরে ওই ক্লোন কার্ড ও গোপন ক্যামেরায় ধারণ করা পাসওয়ার্ড দিয়ে ব্যাংক থেকে টাকা তোলেন।
ওই চারজনকে গ্রেপ্তারের বিষয়ে গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং করেন ডিএমপির যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ডিবির উপকমিশনার মো. মুনিবুর রহমান ও ডিএমপির গণমাধ্যম বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান।