ক্রেতা ঠকানোর অপরাধে জরিমানা
মানহীন রড বিক্রি করে ক্রেতা ঠকানোর অপরাধে বেনজ ইন্ডাস্ট্রি বাংলাদেশ লিমিটেড নামে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ওজনে কম দেওয়ায় দুটি ফিলিং স্টেশনকে পৌনে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার নগরের নাসিরাবাদ শিল্প এলাকা ও পূর্ব নাসিরাবাদে অভিযান চালায় র্যাব ও বিএসটিআই। অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এ সময় বিএসটিআই চট্টগ্রামের সহকারী পরিচালক কে এম হানিফ, মাঠ কর্মকর্তা শাফায়েত হোসেন উপস্থিত ছিলেন।
বিএসটিআই সূত্র জানায়, নাসিরাবাদ শিল্প এলাকায় বেনজ ইন্ডাস্ট্রিকে পাঁচ লাখ টাকা এবং ওজনে কম দেওয়ায় পূর্ব নাসিরাবাদ এলাকার ফয়েজ আহমেদ অ্যান্ড সন্সকে এক লাখ টাকা ও বাদশা মিয়া অ্যান্ড সন্স ফিলিং স্টেশনকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফয়েজ আহমেদ অ্যান্ড সন্স ফিলিং স্টেশন প্রতি লিটার ডিজেলে আট মিলিলিটার ও অকটেনে সাত মিলিলিটার করে কম দিচ্ছিল। আর বাদশা মিয়া অ্যান্ড সন্স ফিলিং স্টেশন প্রতি লিটার অকটেনে ছয় মিলিলিটার কম দিচ্ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘রডের মান নিয়ে ক্রেতাকে ঠকানো এবং ওজনে কম দেওয়া অপরাধ।’ বিএসটিআই চট্টগ্রামের সহকারী পরিচালক কে এম হানিফ বলেন, বেনজ ইন্ডাস্ট্রি মান যাচাই ছাড়া আট বছর ধরে রড উৎপাদন করে আসছে। এর আগে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছিল। কিন্তু তারা মান যাচাই করেনি।