ক্রেতা নেই, বার্মিজ মার্কেটের প্রায় দোকান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটন শহরের অন্যতম আকর্ষণ বার্মিজ মার্কেট। দেশি-বিদেশি নানা পণ্য, আদিবাসীদের তৈরি পোশাক, ঘর সাজানোর উপকরণ, আচার ও কুটিরশিল্পের নানা সামগ্রীর জন্য পর্যটকদের কাছে কদরও বেশ এই বিপণিবিতানের। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত দম ফেরার ফুরসত থাকে না দোকানিদের। কিন্তু ব্যবসার ভরা এই মৌসুমে খাঁ খাঁ করছে বার্মিজ মার্কেট।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা হরতাল-অবরোধের কারণে পর্যটক না আসায় বিক্রি নেই। সেই ধকল সইতে না পেরে বিপণিবিতানের ৩০৬টি দোকানের মধ্যে ২৯০টিই বন্ধ হয়ে গেছে। এতে প্রায় ৮০০ বিক্রয়কর্মীর জীবিকা ঝুঁকি মুখে পড়েছে। ইতিমধ্যে আড়াই শতাধিক বিক্রয়কর্মী ছাঁটাই করা হয়েছে। এর মধ্যে তরুণীর সংখ্যাই বেশি।
৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় শহরের টেকপাড়া বার্মিজ মার্কেটে গিয়ে দেখা গেছে, হাতে গোনা পাঁচ-ছয়টি দোকান খোলা। তাও ক্রেতা নেই। শহরের বাজারঘাটা ও বৌদ্ধ মন্দির সড়কের বার্মিজ মার্কেটেরও একই অবস্থা।
টেকপাড়া বার্মিজ মার্কেটের বিক্রয়কর্মী রাখাইন তরুণী উ খিন চ্য জানান, গত তিন দিনে এ দোকানে ১০০ টাকার মালামাল বিক্রি হয়নি। হরতাল-অবরোধ চলতে থাকলে এ দোকানও বন্ধ হবে। তখন চাকরি হারিয়ে জীবনজীবিকা হুমকির মুখে পড়বে। আরেক বিক্রয়কর্মী মা চিং জানান, সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রেখেও ২০০-৩০০ টাকার মালামাল বিক্রি হচ্ছে না। এ রকম খারাপ পরিস্থিতি অতীতে হয়নি।
বিক্রয়কর্মীরা জানান, তিন থেকে পাঁচ হাজার টাকার মাসিক বেতনে তাঁরা দোকানে চাকরি করেন। থাকা-খাওয়া মালিকপক্ষ বহন করে। থাকা-খাওয়া ঠিক থাকলেও বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়তে হচ্ছে। অনেকে চাকরি হারিয়ে বেকার জীবন কাটাচ্ছেন। নিরাপত্তার অভাবে তাঁরা রাস্তায় নেমে হরতাল-অবরোধ বন্ধ করার দাবিও জানাতে পারছেন না।
কক্সবাজার বার্মিজ মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ জানান, হরতাল-অবরোধের কারণে প্রতিদিন ৩০৬টি দোকানের ক্ষতি হচ্ছে ২৪ লাখ টাকা। এই হিসাবে ক্ষতি আট কোটি টাকা ছাড়িয়ে গেছে। ফলে ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে ২৯০টি দোকান। এসব দোকানের প্রায় ৪০০ কর্মচারীকে ছাঁটাই করতে হয়েছে। তিনি আরও জানান, ঋণের টাকায় অনেকে দোকান খুলে লোকসান গুনছেন। এ কারণে কর্মচারীদের বেতন–ভাতা, ঋণ, বিদ্যুৎ বিল পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে।
দোকান মালিক সমিতির সভাপতি অং ছিন জানান, পর্যটনের এই ভরা মৌসুমে বিক্রির জন্য প্রতিটি দোকানে সাত থেকে ২০ লাখ টাকার মালামাল মজুত রেখেছিলেন ব্যবসায়ীরা। হরতাল-অবরোধের কারণে পর্যটক না থাকায় দোকানের বেচাকেনাও বন্ধ। আগে প্রতিটি দোকানে ১০-৪০ হাজার টাকার মালামাল বিক্রি হলেও এখন তা নেমে এসেছে ১০০-৫০০ টাকায়।